Published : 11 Aug 2026, 01:53 PM
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট প্রযুক্তি কোম্পানি ‘ভিসা’র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন।
মঙ্গলবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সরকারপ্রধানের কার্যালয়ে এ সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন তার উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
তিনি বলেন, “বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনী খাত নিয়ে বিশ্বখ্যাত ভিসা কোম্পানি তাদের আগ্রহের কথা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে বলেছেন।
“সাধারণ মানুষের নিত্যদিনের লেনদেন সহজ করতে মেট্রোরেল, টোল প্লাজা ও এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন সরকারি ও জনসেবামূলক ব্যবস্থায় ‘ভিসা’ কার্ড ব্যবহারের সুযোগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।”
বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার একটি ডেভেলপমেন্ট সেন্টার বা গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের জন্য ভিসার প্রতিনিধির প্রতি আহ্বান জানানোরও তথ্য দেন উপ-প্রেস সচিব রনি।
স্টিফেন কার্পিন তিন দিনের সফরে গত ১১ অগাস্ট ঢাকায় আসেন।
জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তির সম্প্রসারণে বেসরকারি খাতের অংশীদারত্বকে স্বাগত জানিয়েছেন। তিনি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ভিসার মতো আন্তর্জাতিক কোম্পানির সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও ক্রিয়েটিভ ইকোনমির বিকাশে অবদান রাখতে ভিসা আগ্রহ প্রকাশ করে স্টিফেন কার্পিন বলেছেন, “বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে কাজ করার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
‘‘বাংলাদেশে যেসব ব্যাংক অ্যাকাউন্টধারী কার্ড ব্যবহারের আওতায় নেই, তাদের কার্ড ব্যবহারে উৎসাহিত করতে এবং ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ভিসা কাজ করতে চায়।”
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও নিরাপদ, সহজ ও দ্রুত করার বিষয়ে ভিসা কাজ করতে আগ্রহী বলে বৈঠকে জানিয়েছেন স্টিফেন কার্পিন।
বৈঠকে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের বিদেশি আয় নিরাপদে ও সহজে দেশে আনার জন্য কার্যকর ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়েছে জানান উপ প্রেস সচিব রনি।
এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং ভিসার ঊর্ধ্বতন কর্মকর্তারা।