Published : 03 Jul 2025, 05:16 PM
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আভাস দিয়ে দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি বেশি থাকবে। আর ১০/১২ তারিখ পর্যন্ত সারাদেশেই কম-বেশি বৃষ্টি হবে।”
বৃহস্পতিবার আবহাওয়ার এক সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে ওই সতর্কবার্তায়।