০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘কওমি মাদ্রাসা পর্যবেক্ষণ সেল’ করেছে হাইআতুল উলয়া

কওমি মাদ্রাসাসংক্রান্ত অভিযোগ ও তথ্য-উপাত্তের জন্য একটি হটলাইনও চালু থাকবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2026, 06:29 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

কওমি মাদ্রাসাসংক্রান্ত কিছু ঘটনা নিয়ে সংবাদমাধ্যমের প্রচারকে ‘একমুখী’ অভিহিত করেছে আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ।

দেশের কওমি মাদ্রাসাসমূহের এ শিক্ষা বোর্ড বলেছে, তাদের অধীনে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানে তদারকি জোরদারের লক্ষ্যে তারা ‘কওমি মাদরাসা পর্যবেক্ষণ সেল’ গঠন করবে। অভিযোগ গ্রহণের জন্য হটলাইন চালুর সিদ্ধান্তও নিয়েছে তারা। 

বুধবার ঢাকার মতিঝিলে আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে সভা করে এসব সিদ্ধান্ত নেন বোর্ডের কর্মকর্তারা। 

‘কওমি মাদ্রাসাবিরোধী অপপ্রচার রোধ ও উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আল-হাইআতুল উলয়ার করণীয়’ শিরোনামে এ সভা হয় বলে বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

‘কওমি মাদরাসা পর্যবেক্ষণ সেলের’ সদস্য করা হয়েছে সাজিদুর রহমান, রুহুল আমীন, মুসলেহ উদ্দিন রাজু, মাহফুজুল হক, বাহাউদ্দিন জাকারিয়া, উবায়দুর রহমান খান নদভী,  আব্দুল বছীর, এনামুল হক, একরাম হোসাইন ওয়াদুদী, মুহসিন শরীফ ও মোহাম্মদ আলীকে।

এছাড়া প্রতিটি বোর্ড নিজ নিজ অধিভুক্ত মাদ্রাসার কার্যক্রম পর্যবেক্ষণের জন্য পৃথক ‘মাদরাসা মনিটরিং সেল’ গঠন করবে বলেও বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী, কওমি মাদ্রাসাসংক্রান্ত অভিযোগ ও তথ্য-উপাত্তের জন্য একটি হটলাইন (০১৭০০৭৬৩১৭৮) চালু থাকবে। একই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কওমি মাদরাসাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া এবং আইনি পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে লক্ষ্যে হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবীদের সমন্বয়ে একটি ‘লিগ্যাল প্যানেল’ গঠন করা হবে। 

সভায় আল-হাইআতুল উলয়ার অধীন ছয়টি কওমি শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন; সভাপতিত্ব করেন বোর্ডের কো-চেয়ারম্যান সাজিদুর রহমান।