Published : 20 Sep 2025, 12:54 AM
রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সৌধের উঁচু খিলান থেকে পায়ে দড়ি প্যাঁচানো অবস্থায় একটি লোক ঝুলছে, আর নিচে অনেক লোকজন হইচই করছে–এরকম একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে।
আওয়ামী লীগ সমর্থক অনেকে ভিডিওটি শেয়ার করে দাবি করছেন, তাদের একজন কর্মীকে ‘হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে’।
তবে পুলিশ বলছে, একজন লোক সেখানে ‘আত্মহত্যা’ করতে উঠেছিলেন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়, পরে তিনি বাড়ি ফিরে গেছেন।
শুক্রবার ফেইসবুকে ছড়িয়ে পড়া সাত সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, পায়ে দড়ি প্যাঁচানো অবস্থায় লোকটি ঝুলছেন।
তিনি এক হাতে দড়িটি ধরে রেখেছেন, আর নিচ থেকে অনেকে দেখছেন। একজনকে বলতে শোনা যায়, “কোপ দিছে পেটে, রক্ত বাইর হয়ে গেছে।”

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক বলেন, “কেউ একজন সেখানে ছুরি-চাকু নিয়ে আত্মহত্যা করতে গিয়েছিল বলে শুনেছি। এ বিষয়ে বিস্তারিত কিছু জানি না। আমাদের থানায় কেউ কোনো অভিযোগ করেনি।”
সেখানে পুলিশ গিয়েছিল কিনা জানতে চাইলে ওসি বলেন, “আশপাশে পুলিশের অনেকগুলো ইউনিট কাজ করে। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।”
যোগাযোগ করা হলে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেখানে কেউ একজন আত্মহত্যা করতে গিয়েছিল। পরে লোকজন তাকে অনুরোধ করে নামিয়ে আনে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফিরেছেন বলে জানা গেছে। এ বিষয়ে পুলিশ খোঁজ নিচ্ছে, তার পরিচয় জানার চেষ্টা চলছে।”