২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

তারেক রহমানকে কাছে পেয়ে ‘দুলাভাই’ স্লোগান বাসিয়াবাসীর

“আমি কথা বললে তাহলে শ্বশুরবাড়ির লোকজনকে শুনতে হবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2026, 04:21 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে ‘দুলাভাই’ বলে স্বাগত জানালেন বাসিয়া নদীপাড়ের মানুষ।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে শনিবার দুপুরে শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে কাশিপুরে বাসিয়া নদী পুনঃখনন কাজ উদ্বোধন করতে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় গ্রামবাসীরা মুহুমুহু স্লোগান দিতে থাকেন। 

তারা বলছিলেন, “দুলাভাই, দুলাভাই, স্বাগতম, শুভেচ্ছা।”

এ সময়ে তারেক রহমান, “বৃষ্টি হচ্ছে আকাশে সবাই ভিজে যাবেন। আস্তে, আস্তে…স্লোগান দিলে কথা শুনতে পাবা না তো!

“আস্তে আস্তে…এক মিনিট এক মিনিট…একটু চুপ করতে হবে, একটু চুপ করতে হবে।”

রসিকতা করে সরকারপ্রধান বলেন, “দুলাভাইকে কথা বলতে না দিলে তো দুলাভাই যাবে গিয়া। যাই আমি?  কথা বলব, না যাব? 

“আচ্ছা, তাহলে চুপ করতে হবে, কথা শুনতে হলে চুপ করতে হবে।”

এ সময়ে গ্রামবাসীরা নীরব হয়ে গেলে তারেক রহমান বলেন, “আমি কথা বললে তাহলে শ্বশুরবাড়ির লোকজনকে শুনতে হবে…কথা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।”

প্রধানমন্ত্রী বক্তব্য শেষে বিদায় নিলে গ্রামবাসীরা ‘দুলা ভাই, দুলা ভাই’ স্লোগানে আবার সরব হয়ে ওঠেন। প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের কাছ থেকে হাস্যোজ্জ্বল মুখে বিদায় নেন।

তবে বাসিয়া নদী খাল খনন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান ছিলেন না। তিনি এর আগের কর্মসূচি সিলেট সিটি করপোরেশনের আয়োজিত সুধী সমাবেশে উপস্থিত ছিলেন।

তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেটের দক্ষিণ সুরমার বিরাইমপুরে।