ধামরাইয়ের বেদেপল্লির ৪০ পরিবার পেল খাস জমি
এছাড়া ২৫ জনকে সেলাই মেশিন দেওয়া হয়েছে।
ঢাকার ধামরাই উপজেলার সুবিধাবঞ্চিত ৪০টি বেদে পরিবারকে খাস জমি দিল জেলা প্রশাসন। এছাড়া বেদে সম্প্রদায়ের ২৫ জনকে সেলাই মেশিন এবং সড়ক নির্মাণের জন্য ৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকার জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কুল্লা ইউনিয়নের রূপনগর গ্রামের বাসিন্দাদের মধ্যে এসব সহায়তা হস্তান্তর করেন প্রশাসক ফরিদা খানম।
এ সময় তিনি বলেন, “সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এসব সহায়তা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলার বেদে সম্প্রদায়ের পরিবারগুলোকেও সহযোগিতার আওতায় আনা হবে।”
ফরিদা খানম বলেন, “একটি সেলাই মেশিনের মাধ্যমে একটি পরিবারের অন্তত পাঁচজন সদস্যের জীবিকা নির্বাহের সুযোগ তৈরি হতে পারে।
“সেলাই মেশিনের পাশাপাশি বেদেপল্লির বাসিন্দাদের বাড়ির আঙিনার ফাঁকা জায়গায় ফলমূল ও সবজি চাষ এবং হাঁস-মুরগি পালনের প্রতিও উৎসাহিত করা হচ্ছে।”
বেদেপল্লির পূর্ণিমা আক্তার বলেন, “সেলাই মেশিন দিয়েছেন। এটা দিয়ে আমরা পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারব।
“আগে থেকে কাজ জানতাম। কিন্তু মেশিন না থাকার কারণে কাজ করতে পারতাম না। এখন করতে পারব।”
হেনা নামের আরেকজন বলেন, “এতো কিছু পেয়ে আমরা খুশিতে আত্মহারা। চাওয়ার আগে আমরা পেয়ে যায়। ঘরবাড়ি দিছেন, মেশিন দিছেন। রাস্তাও করে দিছেন।
“এর আগে অনুদানও দিছেন। কী আর চাইব! চাওয়ার আগেই পাইব।”
এসসময় বেদেপল্লির তরফে জেলা প্রশাসক ফরিদা খানমকে একটি ব্যাগ উপহার দেওয়া হয়।
