Published : 22 Sep 2025, 08:00 PM
ঢাকাসহ দেশের কয়েকটি নদী থেকে বর্জ্য অপসারণ ও নাব্যতা ফেরানোর উদ্যোগ নেওয়ার কথা বলছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
ঢাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার এক সেমিনারে অংশ নিয়ে তিনি বলেন, নদী গবেষণা ইনস্টিটিউট ঢাকার চারটিসহ দেশের নদীগুলোর তালিকা করছে, যাতে দ্রুত সময়ে বর্জ্য অপসারণ করা যায়।
‘‘ঢাকার পাঁচটি নদী বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ, ধলেশ্বরী এবং আটটি বিভাগের আটটি নদী নিয়ে প্রকল্প নেওয়া হচ্ছে। এই প্রকল্পের আওতায় নদী থেকে বর্জ্য অপসারণ ও ড্রেজিং করে নদীর নাব্য ফিরিয়ে আনা হবে।”
ঢাকার চারপাশের নদীগুলো ব্যাপকভাবে দূষিত হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, নদী দূষণের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট ও জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে।
“এসব নদী রক্ষায় আমরা চেষ্টা করছি কাজটা শুরু করে দিয়ে যেতে। রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক সহযোগিতা এবং জনগণ এগিয়ে আসলে নদী বাঁচানো অসম্ভব নয়। সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে ছোট ছোট পয়োনিষ্কাশন ব্যবস্থা করতে হবে। এজন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা।”
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুস সামাদ।
উপাচার্য অধ্যাপক আবুদুল হান্নান চৌধুরী সেমিনারে সভাপতিত্ব করেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. জাকারিয়া, পাবলিক হেলথ স্পেশালিস্ট অনুপম হোসেন ও মো. জুলফিকার আলী সেমিনারে বক্তব্য দেন।