শপথ: মন্ত্রিপরিষদ সচিবকে সহায়তায় সংসদে প্রশাসনের দুই শতাধিক কর্মকর্তা
"অতীতে অনেক শপথ অনুষ্ঠান হয়েছে, এত কর্মকর্তা যেতে দেখিনি, এবার নেওয়ার কারণ বুঝতেছি না।"
প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীর শপথ অনুষ্ঠানে মন্ত্রীদের প্রটোকল, অতিথিদের অভ্যর্থনাসহ বিভিন্ন কাজে মন্ত্রিপরিষদ সচিবকে সহযোগিতা করতে প্রশাসনের দুই শতাধিক কর্মকর্তা উপস্থিত হয়েছেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।
শপথ অনুষ্ঠানে ১ এক হাজার ২০০ অতিথি থাকবেন বলে আগেই জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
তবে এই অনুষ্ঠানে মন্ত্রীদের প্রটোকলসহ নানা কাজে সহযোগিতা করতে ২১১ জনকে দায়িত্ব দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। যেখানে ব্যক্তিগত কর্মকর্ত, প্রটোকল অফিসারসহ আছেন ৬ জন; আর বাকি সবাই প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।
এ নিয়ে সচিবালয়ে বিভিন্ন কর্মকর্তাদের মধ্যে নানা ধরনের গুঞ্জন শুরু হয়েছে। কেউ কেউ বলছে, নতুন মন্ত্রীদের কাছে ভেড়াতে এটা নতুন কৌশল। আবার কেউ বলছে, এত কর্মকর্তা কোন শপথ অনুষ্ঠানে কাজ কী, তাদের এই কাজে আনার পেছনে ‘রহস্য আছে’।
সচিবালয়ে কর্মরত একজন অতিরিক্ত সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অতীতে অনেক শপথ অনুষ্ঠান হয়েছে, এত কর্মকর্তা যেতে দেখিনি, এবার নেওয়ার কারণ বুঝতেছি না।"
বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তা, ওই সময়ে বিভিন্ন জেলার দায়িত্ব পালন করা জেলা প্রশাসকদেরও এই শপথ অনুষ্ঠানে দায়িত্ব দেওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ।
একজন যুগ্ম সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখানে বাছাই করে পছন্দের অফিসারদের নেওয়া হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলের ডিসি, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করেছেন এমনদেরও স্থান দেওয়া হয়েছে।"
সরকার গঠন ও রাষ্ট্রাচার অধিশাখার উপসচিব এ এস এম ইবনুল হাসান স্বাক্ষরিত ২১১ জনের তালিকা সম্বলিত এক চিঠিতে বলা হয়, “জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে নবনিযুক্ত প্রত্যেক মন্ত্রীকে পৃথকভাবে প্রটোকল প্রদান, অতিথিদের অভ্যর্থনা, শপথের ফোল্ডার ব্যবস্থাপনা ও শপথ গ্রহণ, অনুষ্ঠান সঞ্চালনায় মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে সহায়তা প্রদানসহ বিভিন্ন দায়িত্ব পালনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বিভাগীয় কমিশনার অফিসেরর কর্মকর্তা/কর্মচারীগণের অনুষ্ঠানস্থলে (দক্ষিণ প্লাজা) প্রবেশ করা প্রয়োজন।"
সেই তালিকায় মন্ত্রিপরিষদ বিভাগের চারজন অতিরিক্ত সচিবসহ মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের যুগ্ম সচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব, সহকারী সচিব ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ডিসিদের রাখা হয়ছে।
তাদের মধ্যে দুপুর ২টার আগেই উপস্থিত হয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ইতোমধ্যে অনুষ্ঠানস্থলে আছি।"
২১১ জনের সবাই সময় মত শপথ অনুষ্ঠানে থকবেন জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রটোকল অফিসার মোহাইমিনুল ইসলাম বলেন, "২১১ জনের বিভিন্নজনের বিভিন্ন দায়িত্ব পালন করবেন, এখানে সবাই শপথ অনুষ্ঠানে যাবেন।"
এসব বিষয়ে জানতে চাইলে চিঠিতে স্বাক্ষর করা সরকার গঠন ও রাষ্ট্রাচার অধিশাখার উপসচিব এ এস এম ইবনুল হাসানকে ফোন করা হলে, তিনি ‘ব্যস্ত আছেন’ বলে ফোন কেটে দেন। পরে তার মোবাইলে এসএমএস দিয়েও ফিরতি কোনো বার্দা পাওয়া যায়নি।
