Published : 12 Aug 2025, 06:33 PM
রাজধানীতে সচিবালয়ের ভেতরে সব ধরনের মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
একই সঙ্গে সচিবালয়ে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের সম্মেলন কক্ষে অনুমোদন ছাড়া কোনো সভা-সমাবেশ বা কোনো পেশাগত সংগঠন বা সমিতির সভা, সম্মেলন বা বৈঠক করা যাবে না।
মঙ্গলবার এক চিঠিতে সচিবালয়ের ভেতরে নিরাপত্তা জোরদারের জন্য এসব সিদ্ধান্তের পাশাপাশি সাত ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়, দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে সচিবালয়ের ভেতরে প্রত্যেকটি ভবনের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ কারণে সচিবালয়ের ভেতরে অবস্থিত প্রতিটি ভবন-প্রাঙ্গণের সার্বক্ষণিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সাতটি সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে সংশ্লিষ্টদের তা মেনে চলার অনুরোধ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে।
সিদ্ধান্তগুলো হলো
>> সচিবালয়ের ভেতরে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত বাতিল করা হল।
>> সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের সম্মেলন কক্ষে অনুমোদন ছাড়া কোনো সভা-সমাবেশ বা কোনো পেশাগত সংগঠন-সমিতির সভা, সম্মেলন ও বৈঠক করা যাবে না।
>> সন্ধ্যা ৬টার পর সচিবালয়ের ভেতরে জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হবে।
>> সাপ্তাহিক ছুটি কিংবা অন্য কোনো ছুটির দিনে দাপ্তরিক প্রয়োজনে সচিবালয়ে অবস্থান করতে হলে আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।
>> কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয়ে ঢোকার পাস দৃশ্যমান রাখতে হবে।
>> সচিবালয়ের কোনো ভবন বা প্রাঙ্গণে কোনোরূপ লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন ঝুলানো বা স্থাপন করা যাবে না।
>> সচিবালয়ে প্রবেশের সময় গাড়ি ও ব্যক্তির নিরাপত্তা তল্লাশি নিশ্চিত করতে হবে।