Published : 28 Mar 2026, 09:28 PM
ঈদের বিরতির পর সংসদ বসার আগে সংসদীয় দলের বৈঠক করল ক্ষমতাসীন বিএনপি, যেখানে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের নেওয়া পদক্ষেপ, মজুদদারিসহ নানা বিষয় উঠে এসেছে সেখানে।
শনিবার বিকালে সংসদ ভবনে আয়োজিত বৈঠকে মন্ত্রীদের জাতীয় সংসদে ‘জবাবদিহির’ প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
এরই অংশ হিসেবে রোববার জ্বালানিমন্ত্রী দেশের সার্বিক জ্বালানি পরিস্থিতি, সংকট এবং করণীয় নিয়ে সংসদে ব্রিফিং করবেন।
বৈঠকে উপস্থিত থাকা একাধিক সদস্য জানিয়েছেন, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয়ে সংসদ সদস্যদের নিয়মিতভাবে অবহিত করা এবং তাদের নিজ নিজ এলাকায় সে অনুযায়ী ভূমিকা রাখতে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈঠকের পর ব্রিফিংয়ে এসে চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, সংসদ বসার আগে সংসদীয় কমিটির বৈঠক হওয়া ‘রেওয়াজ’; দীর্ঘ বিরতির পর সংসদ আবার বসতে যাওয়ায় এদিনও বৈঠকে নিজেদের করণীয় এবং কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে আলোচনা হয়েছে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সমগ্র পৃথিবীর অর্থনীতি টালমাটাল। সমগ্র পৃথিবীতে তেলের দাম বেড়ে গেছে। বাংলাদেশে এসে তেলের দাম ঠিক রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে সরকার। প্রায় ২০০ কোটি টাকা প্রতি মাসে ভর্তুকি দিয়ে সেই কাজটা করার চেষ্টা করা হচ্ছে।
নূরুল ইসলাম বলেন, এ বিষয়ে সংসদ সদস্যদের অবহিত করে সংসদ নেতা বলেছেন, তারা নজর রাখবেন যেন তেলের দাম কোথাও না বাড়ে। যাতে কোথাও অস্থিরতা তৈরি না হয়, সে ব্যাপারে সংসদ সদস্যদের জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করতেও বলা হয়েছে।
রোববার সংসদ বসলে জ্বালানিমন্ত্রী এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেবেন এবং সদস্যদের ব্রিফিং করবেন, বলেন চিফ হুইপ।
বৈঠকে তেল মজুদ, অতিরিক্ত কেনা এবং সীমান্তপথে পাচারের বিষয়ও উঠে আসে।
চিফ হুইপ বলেন, “তেল এখনো মজুদ হচ্ছে, যেখানে ৩০ লিটার তেল লাগে, তো এখন সেখানে ট্যাংক ভরে ৫০ লিটার নেওয়ার চেষ্টা করছে। একবার তেল নেওয়ার ক্ষেত্রে আবার নিচ্ছে, আবার নিচ্ছে, তিনবার তেল নিচ্ছে-এরকম কিছু হচ্ছে।”
পাশের দেশে তেলের দাম বেশি তুলে ধরে তিনি বলেন, “আমাদের দাম কম, ওদের দাম বেশি, খুব সংগত কারণে চোরাচালান হচ্ছে। এ কারণে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।”
মজুদদারি নিয়ে চিফ হুইপ বলেন, “যারা এরকম মজুদদারি করছে বা যারা তেল মজুদ করে রাখছে, তেলের কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে, তাদের ব্যাপারে একই সময় আমাদের জানানো হবে।”
সরবরাহ পরিস্থিতি নিয়ে তার বক্তব্য, “২ লাখ টনের তেলের জাহাজ ইতোমধ্যে ঘাটে লেগেছে আর আরো ২ লাখ টনের জাহাজ ইতোমধ্যে লোড হয়েছে, অচিরেই বাংলাদেশে এসে পৌঁছবে। কাজেই তেলের সরবরাহে কোনো ঘাটতি নেই।”
কিছু সংবাদমাধ্যম ও কিছু মানুষের অতি উৎসাহের কারণে আর চোরাচালান হয়ে কৃত্রিম ঘাটতি তৈরি হয়েছে দাবি করে নুরুল ইসলাম বলেন, “কাজেই এটা যাতে না হয়, তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আজকের এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”
জ্বালানি ইস্যুর পাশাপাশি দৌলতদিয়া ঘাটের বাস দুর্ঘটনা এবং ট্রেন দুর্ঘটনার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে তুলে ধরেন চিফ হুইপ।
তার ভাষায়, করণীয় নিয়েও যোগাযোগমন্ত্রী কথা বলেছেন।

সংসদ সদস্যদের নিয়মিতভাবে অবহিত করার নতুন ব্যবস্থার কথাও বলেছেন তিনি।
চিফ হুইপ বলেন, “সংসদ নেতা এই প্রথমবারের মতো বাংলাদেশে মন্ত্রীদের বাধ্য করেছেন সংসদ সদস্যদের অবহিত করার জন্য। সংসদ সদস্যরা অবহিত হয়ে তারা যাতে সংসদে কথা বলতে পারেন। একই সাথে তারা যেন ব্যবস্থা নিতে পারেন, তার নিজ নিজ এলাকায়, সে ব্যবস্থা তিনি করেছেন।”
তিনি বলেন, এছাড়া সংসদীয় কার্যক্রমসহ আরও নানা বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। রোববার দুপুর দেড়টায় আবারও এ বিষয়ে বৈঠক হবে বলেছেন সংসদ নেতা। সেখানে সংসদ সদস্যদের ব্রিফিং করা হবে।
সংসদ সদস্যরা যেন প্রয়োজনীয় তথ্য জেনে প্রস্তুত থাকতে পারেন এবং সত্য তথ্য জানার পর নিজ নিজ এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন, সে জন্য রোববার আবার বৈঠক ডাকা হয়েছে।
চিফ হুইপ বলেছেন, “প্রতি মাসে একবার এ ধরনের ব্রিফিংয়ের ব্যবস্থা করা হবে। সেখানে আমাদের সরকার কীভাবে চলে, কীভাবে কাজ করে এবং সরকার আসলে কী করতে চায়, সেসব বিষয়ে আলোচনা হবে।”
তবে ১৩৩টি অধ্যাদেশ, সংরক্ষিত নারী আসন কিংবা সংসদীয় স্থায়ী কমিটি গঠন নিয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি।
চিফ হুইপ বলেন, “আজকে কোনো আলোচনা হয় নাই, কারণ এই আলোচনাটা আমরা আবার ৩০ তারিখে করব।”
নারী এমপিদের বিষয়ে তিনি বলেন, “সংসদ উপনেতা এবং নারী এমপি সংক্রান্ত বিষয়ে কোন আলোচনা হয়নি আসলে।”
স্থায়ী কমিটি গঠন নিয়ে নুরুল ইসলাম বলেন, “সংসদীয় স্থায়ী কমিটিগুলো আজকে আলোচনা হয় নাই, আশা করি এটা কালকে আলোচনা হবে।”
সংসদীয় দলের বৈঠক থেকে বেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “রাষ্ট্রপতির ভাষণের উপরে কে কী বক্তব্য রাখবেন সেই বিষয়ে আজকে সভায় আলোচনা হয়েছে। দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যে বিএনপি কী কী অর্জন করেছে এবং সামনের চ্যালেঞ্জগুলো নিয়েও আলোচনা হয়েছে।
“আপনারা জানেন, পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অনেক দেশে তেলের দাম বৃদ্ধি পেলেও বাংলাদেশে তেলের মূল্য বৃদ্ধি না করা সরকারের একটা বড় সফলতা। এ বিষয়ে পূর্বপরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। বোরো মৌসুমে কৃষকদের যাতে অসুবিধা না হয়, সেটি মাথায় রেখে ভর্তুকি দিয়ে তেল সরবারহ করছে সরকার।”
মন্ত্রী বলেন, তেল চোরাচালানের বিষয়টি সরকারের নজরে এসেছে। চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ক্ষমতাসীন দলের বৈঠকের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে শোক প্রকাশ ও মোনাজাত করা হয় বলে চিফ হুইপ বলেছেন।
এদিন সকাল ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজ মারা যান।