১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাবেক মন্ত্রী জাবেদের ‘৩ সহযোগীর’ দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিষেধাজ্ঞার মুখে পড়া তিনজন হলেন উৎপল পাল, আবদুল আজিজ ও সৈয়দ কামরুজ্জামান।

সাবেক মন্ত্রী জাবেদের ‘৩ সহযোগীর’ দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাইফুজ্জামান চৌধুরী। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2025, 06:45 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ‘তিন সহযোগীর’ দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। 

নিষেধাজ্ঞার মুখে পড়া তিনজন হলেন- উৎপল পাল, মো. আবদুল আজিজ ও সৈয়দ কামরুজ্জামান।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য দিয়েছেন।

এদিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের পরিচালক ও টিম লিডার মো. মশিউর রহমান

আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের  অভিযোগের অনুসন্ধান চলছে। এজন্য সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ডের সাত সদস্যের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করা হয়েছে। 

দুদক বলছে, সাইফুজ্জামান চৌধুরীর এই তিন সহযোগী দেশত্যাগ করতে পারেন। তারা বিদেশে চলে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হবে। এজন্য তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।

এর আগে গত বছরের ৭ অক্টোবর সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেয় আদালত।

এর ১০ দিন পর আসে সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে থাকা দেশ-বিদেশের বিভিন্ন সম্পদ জব্দের আদেশ।

সর্বশেষ গত ৫ মার্চ সাবেক ভূমিমন্ত্রীর ৩৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত। এসব হিসাবে ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার ৮৫ টাকা থাকার তথ্য দেয় দুদক।