১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ-পাকিস্তান: ‘ভিসা লাগবে না’ অফিসিয়াল পাসপোর্টধারীদের

“দুই দেশের মধ্যে প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য এ ভিসামুক্তির চুক্তি হবে,” বলেন প্রেস সচিব শফিকুল আলম।

বাংলাদেশ-পাকিস্তান: ‘ভিসা লাগবে না’ অফিসিয়াল পাসপোর্টধারীদের
উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আসেন প্রেস সচিব শফিকুল আলম। ছবি: পিআইডি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2025, 05:42 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা দুই দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। 

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে দুই দেশের মধ্যকার ভিসা অব্যাহতি চুক্তির খসড়া অনুমোদন পায় বলে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে এ বৈঠক হয়। 

বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য এ ভিসামুক্ত চুক্তি হবে। 

“ভারতসহ আরও ৩১টি দেশের সঙ্গে একই ধরনের চুক্তি রয়েছে বাংলাদেশের। এ চুক্তিতে পাকিস্তান সরকারেরও সায় রয়েছে।”

তিনি বলেন, “অফিসিয়াল পাসপোর্ট ও কূটনীতিক পাসপোর্টধারীরা এ সুবিধা পাবেন।”

শফিকুল আলম বলেন, সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। ১০টি সংস্কার কমিশনের পাশাপাশি মন্ত্রণালয়গুলোও সমন্বয় করে সংস্কার কাজ করছে।