Published : 24 Jul 2025, 01:26 PM
জুলাই আন্দোলনের ঘিরে আশুলিয়া থানার হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
এছাড়া আশুলিয়া থানার পৃথক দুই মামলায় সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তদন্ত কর্মকর্তাদের আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাজুল ইসলাম সোহাগ এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মো.আনোয়ার হোসেন আশুলিয়ার রাসেল গাজী হত্যা মামলায় হাসানুল হক ইনু এবং জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
কাপড় ব্যবসায়ী মনিরুজ্জামান হত্যা মামলায় আশুলিয়া থানার এসআই মো. মজিবুর রহমান ভূইয়া ও ফরহাদ হোসেন নামে এক যুবককে হত্যাচেষ্টা মামলায় একই থানার এসআই মদন চন্দ্র সাহা মমতাজকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
এদিনের শুনানিতে তিন আসামি আদালতে হাজির ছিলেন।

ইনু ও পলকের মামলার অভিযোগে বলা হয়েছে, গেল বছর সরকার পতনের দিন আশুলিয়ায়
বেলায়েত গাজী ও সেলিনা বেগমের ছেলে মো. রাসেল গাজী পেটে গুলিবিদ্ধ হয়ে আহত হন। চিকিৎসার জন্য রাসেলকে পল্লীবিদ্যুৎ হাবিব ক্লিনিক এবং গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের প্রথমে নেওয়া হয়েছিল। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাসেল। এ ঘটনায় তার পরিবার ৮ সেপ্টেম্বর বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করে।
সরকার পতনের দিন গেল ৫ অগাস্টে কাপড় ব্যবসায়ী মনিরুজ্জামান গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৬ জুন নিহতের স্ত্রী সাজেদা পারভীন আশুলিয়া থানায় মামলা করেন।
অন্যদিকে একই এলাকায় আন্দোলনে অংশ নিয়ে ফরহাদ হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় গত বছরের ২৯ সেপ্টেম্বর ভুক্তভোগী নিজেই আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলা করেন। এই দুই মামলার আসামি হলেন মমতাজ।