১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মাহমুদুল হত্যা: চতুর্থ দফায় রিমান্ডে ডিজিএফআইয়ের আফজাল নাছের

এর আগে গত ২৩ এপ্রিল থেকে টানা তিন দফায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2026, 06:55 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

চব্বিশের জুলাই আন্দোলনে মাহমুদুল হাসান হত্যার মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছেরকে টানা চতুর্থ দফায় জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শনিবার তার ৩ দিনের রিমান্ডের আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই শামীম হোসেন এ তথ্য দিয়েছেন।

উত্তরা পূর্ব থানার এ মামলায় গত ২৩ এপ্রিল তার চার দিন, ২৭ এপ্রিল দুই দিন এবং ২৯ এপ্রিল তার তিন দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত। তার আগে অন্য মামলাতেও তাকে কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক ছিলেন আফজাল নাছের। মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে গত ২৯ মার্চ রাতে সেনাবাহিনীর এই সাবেক লেফটেন্যান্ট কর্নেলকে আটক করে গোয়েন্দা পুলিশ।

পরদিন জুলাই আন্দোলনে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহতের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সেদিনই ওই মামলায় তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এরপর বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আরো চার দফায় ১১ দিনের রিমান্ডে পাঠানো হয়।

গত ১৭ ও ২০ এপ্রিল দেলোয়ার হত্যা মামলায় তার তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। এরপর থেকে মাহমুদুল হাসান হত্যার মামলায় তাকে টানা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

শনিবার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার এসআই মোহাম্মদ আশরাফুল আলম তার সাত দিনের রিমান্ড চেয়েছিলেন। আফজাল নাছেরের পক্ষে তার আইনজীবী হেলাল উদ্দিন রিমান্ড বাতিল করে জামিন চান।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ অগাস্ট উত্তরা পূর্ব থানা এলাকায় বৈষম্যবিরোধীদের একটি মিছিলে অংশ নেন মাহমুদুল হাসান। বিকেল ৪টার সময় আজমপুর ফুটব্রিজের নিচে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এসময় মাহমুদুল হাসান গুলিবিদ্ধ হন। পরে কুয়েত মৈত্রী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা করা হয়।