Published : 26 Apr 2026, 09:39 PM
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ ফেরানোর বিষয়ে সব ধরনের প্রস্তুতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
তবে দুবাই হয়ে মরদেহ পরিবহনে ‘সীমাবদ্ধতা’ থাকায় বিকল্প ভাবতে হচ্ছে সরকারকে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেছেন, মরদেহ ফেরত আনার বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। মন্ত্রণালয় থেকে সব খরচ বহনের বিষয়ে অবহিত করা হয়েছে।
“এরপর ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুলেট থেকে ইউএসএফের সঙ্গে যোগাযোগ করলে তারা বলেছে, দুই শিক্ষার্থীর যে বীমা রয়েছে, তা থেকে মরদেহ প্রত্যাবাসনের খরচ বহন করা যাবে। তবে মরদেহ ফেরত আনতে সরকারের সকল প্রস্তুতি রয়েছে।”
যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার লিমনের লাশ উদ্ধার করে পুলিশ। তারপর পুলিশ বৃষ্টির পরিবারকে ফোনে জানায়, তাকেও হত্যা করা হয়েছে। তবে এখনও বৃষ্টির লাশ পাওয়া যায়নি।
লিমনের লাশ উদ্ধারের পর তার রুমমেট ২৬ বছর বয়সী মার্কিন নাগরিক হিশাম আবুগারবিয়াহকে গ্রেপ্তার করে পুলিশ। হিশামের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “ইতিমধ্যে জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট মরদেহটি দ্রুততম সময়ে বাংলাদেশে ফিরিয়ে আনার লক্ষ্যে স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে।
“বর্তমান প্রেক্ষাপটে, ফ্লোরিডার টাম্পা থেকে দুবাই হয়ে মরদেহ পরিবহনে সীমাবদ্ধতা থাকায় বিকল্প রুটসমূহ সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এবং মায়ামি কনস্যুলেট জেনারেল দুই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।”
লিমন ও বৃষ্টির হত্যাকাণ্ডের তদন্তের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন তদন্তকারী সংস্থা ‘হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস’ দূতাবাসকে অবহিত করেছে যে, এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক সন্দেহভাজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে।
তবে তদন্ত চলমান থাকায় শেরিফ অফিস এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশে অপারগতা জানিয়েছে। পরবর্তী পদক্ষেপের বিষয়ে সরাসরি ভুক্তভোগী পরিবারের সঙ্গে সমন্বয় করার আশ্বাস দিয়েছে তারা।
এর আগে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী খুনের ঘটনার দ্রুত তদন্ত করে দায়ীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সরকার। ময়নাতদন্ত এবং অন্যান্য আইনি প্রক্রিয়া শেষ হলে মরদেহ ফেরানো হবে। সে ক্ষেত্রে সরকার সহযোগিতা দেবে।”
পুরনো খবর
যুক্তরাষ্ট্রে ২ শিক্ষার্থী খুনের বিচার চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টিকে কেন হত্যা, বুঝতে পারছে না পরিবার