Published : 30 Jun 2025, 10:09 PM
ঐক্যের ভিত্তিকে জুলাই মাসের মধ্যেই ‘জুলাই সনদ’ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে গণতন্ত্র মঞ্চ।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণতন্ত্র মঞ্চ বলেছে, সকলের মতামতের ভিত্তিতে গোটা রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারে ঐকমত্য প্রতিষ্ঠায় গণতন্ত্র মঞ্চ আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এ ব্যাপারে জাতীয় ঐকমত্য কমিশনের প্রচেষ্টাকে গণতন্ত্র মঞ্চ স্বাগত জানিয়ে এ উদ্যোগের সঙ্গে থাকছে এবং সহায়তা করে আসছে।
গণতন্ত্র মঞ্চের প্রত্যাশা, জুলাই মাসের মধ্যেই ঐক্যের ভিত্তিতে জুলাই সনদ গ্রহণ করতে পারবে, যা দেশের গণতান্ত্রিক উত্তরণে ভূমিকা রাখবে।
রাজধানীর তোপখানা রোডে সোমবার নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের পরিচালনা পরিষদের সভা হয়েছে। সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম অগ্রগতি ও নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনার কথা জানিয়েছে মঞ্চ।
জুলাই-অগাস্ট মাসের কর্মসূচি ঘোষণা করতে আগামী ৩ জুলাই সকাল সাড়ে ১০টায় তোপখানা রোডে নাগরিক ঐক্যের কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে গণতন্ত্র মঞ্চ।
সভায় বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, কবীর হাসান, সাকিব আনোয়ার, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূঁইয়া, বিপ্লবী ওয়াকার্স পার্টির মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, ভাসানী জনশক্তি পার্টির আবু ইউসুফ সেলিম, আবদুল কাদের, আমিনুল ইসলাম সেলিম, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কামরুল আহসান অপু।