Published : 14 May 2026, 09:32 PM
জাতীয় স্বার্থ, জনগণের আস্থা এবং সশস্ত্র বাহিনীর পেশাগত ভাবমূর্তি সমুন্নত রাখতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরকে (আইএসপিআর) আরও আধুনিক, সমন্বিত ও কার্যকর যোগাযোগ কাঠামোর মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলাম।
বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে আইএসপিআর কার্যালয় পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
তার পরিদর্শনের বিষয়টি পরে সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরে আইএসপিআর।
পরিদর্শনকালে উপদেষ্টা আইএসপিআরের গবেষণা, তথ্য সংরক্ষণ, গণমাধ্যম সমন্বয়, ডিজিটাল যোগাযোগ, প্রকাশনা কার্যক্রম এবং জনসম্পৃক্ততামূলক উদ্যোগ আরও শক্তিশালী করার নির্দেশনা দেন।
তিনি বলেন, “জনগণের সঙ্গে সশস্ত্র বাহিনীর যোগাযোগের ব্যাপারে আইএসপিআরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে সংরক্ষণশীল তথ্যপ্রবাহ, সীমিত প্রচার এবং পর্যাপ্ত জনসম্পৃক্ততার অভাবে জনগণের কাছে সশস্ত্র বাহিনীর বহুমাত্রিক কার্যক্রম সম্পর্কে পূর্ণাঙ্গ ও সঠিক ধারণা পৌঁছায় না।
“এই প্রেক্ষাপটে আইএসপিআরকে জনগণের সঙ্গে সশস্ত্র বাহিনীর যোগাযোগ আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করতে হবে।”
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আশরাফ উদ্দিন ছিলেন।
প্রতিরক্ষা উপদেষ্টা আইএসপিআর পরিদপ্তরে এসে পৌঁছালে পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী তাকে স্বাগত জানান। পরে উপদেষ্টা সব কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন।
অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামছুল বলেন, “সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি শান্তিকালীন, দুর্যোগকালীন, সংকটকালীন পরিস্থিতিসহ যেকোনো জাতীয় প্রয়োজনের মুহূর্তে জনগণের পাশে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। একই সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা ও মানবিক ভূমিকা দেশের মর্যাদা বৃদ্ধি করছে।”