Published : 22 Jul 2026, 09:13 PM
কেপিআই ঘোষিত মেট্রোরেল ডিপোর সংরক্ষিত এলাকায় অনুমতি ছাড়া ছবি, ভিডিও ধারণ, গোপনীয়তা ভঙ্গ এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক আউটসোর্সিং কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মেট্রোরেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষের মামলায় গত মঙ্গলবার মধ্য রাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে তথ্য দিয়েছেন তুরাগ থানার ওসি মোস্তাফিজুর রহমান।
মেট্রোরেলের ওই কর্মীর নাম শাহরিয়ার শাহেদ। তিনি এমআরটি লাইন-৫ নর্দান রুট প্রকল্পে কাজ করতেন।
ওসি মোস্তাফিজুর রহমান, “মঙ্গলবার রাতে মেট্রোরেলের কি পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই) ঘোষিত সংরক্ষিত এলাকার ছবি ও ভিডিও ধারণ করে ছড়িয়ে অপপ্রচার করার অভিযোগে একজনের বিরুদ্ধে মামলা করে ডিএমটিসিএল। কর্তৃপক্ষ শাহরিয়ার শাহেদ নামে ওই ছেলেকে থানায় সোপর্দ করলে আমরা তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার সকালে আদালতে পাঠাই। আদালত তাকে জেলে পাঠিয়েছে।
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬) এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) আহসান উল্লাহ শরিফী বলেন, “অভিযুক্ত কর্মী মেট্রোরেল ডিপোর অভ্যন্তরীণ সংরক্ষিত এলাকার গোপনীয়তা ভঙ্গ করে অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ধারণ করেন। পরে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ওঠে।
“মেট্রোরেল একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা। এর নিরাপত্তা ও সংরক্ষিত এলাকার গোপনীয়তা রক্ষায় যে কোনো আইন লঙ্ঘনের ঘটনায় ভবিষ্যতেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”