১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

থানায় ঢুকে ‘মব সৃষ্টি’, তিনজন কারাগারে

তাদের জামিন শুনানির জন্য রোববার দিন ঠিক করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2025, 08:59 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

ঢাকার মতিঝিল থানায় ঢুকে মব সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার এ আদেশ দেন ঢাকার দ্রুত বিচার আদালত-৬ এর বিচারক আতিকুর রহমান।

আসামিরা হলেন- মহসিন রেজা (৪৫), রিমন খান (২১) ও রায়হান আহমেদ।

আদালতে মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রুকনুজ্জামান জানান, এদিন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মতিঝিল থানার এসআই আবু সালেহ শাহীন। আসামিদের পক্ষে তাদের আইনজীবী মেহেদী হাসান জামিন চেয়ে আবেদন করেন। বিচারক জামিন শুনানির জন্য রোববার দিন ঠিক করেন।

মামলার বিবরণ অনুযাযী, বুধবার রাত সাড়ে ৮টার দিকে গ্রেপ্তাররাসহ ৩০/৪০ জন মতিঝিল থানায় প্রবেশ করেন। তারা থানার ওসিকে খুঁজতে থাকেন। একপর্যায়ে তারা পুলিশ পরিদর্শকের (তদন্ত) কক্ষে প্রবেশ করেন। সেখানে চার বিচারপ্রার্থীর সঙ্গে আলোচনায় ছিলেন ওসি ও পরিদর্শক। 

এজাহারে বলা হয়েছে, সেখানে গিয়ে আসামিরা ওসিকে জিজ্ঞাসা করেন, ‘আপনি কোন সাহসে বাংলার বাণী অফিসে পুলিশ পাঠালেন?’ তারা চিৎকার করে ওসির কাছে কৈফিয়ত জানতে চান। পুলিশ সদস্যরা তাদের উগ্র আচরণ বন্ধ করার অনুরোধ করেন। তার পরও তারা থানার ভেতর ত্রাস সৃষ্টি করে।

ঘটনার বর্ণনায় এজাহারে বলা হয়েছে, বিষয়টি ঊর্দ্ধতন কর্মকর্তা ও পুলিশ কন্ট্রোল রুমকে জানায় থানা কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ ফোর্স থানায় এলে মব সৃষ্টিকারীরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তিনজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। 

এ ঘটনায় মতিঝিল থানার এসআই মুহিউদ্দীন মাছুম দ্রুত বিচার আইনে মামলা করেন।