খিলক্ষেতে কভার্ড ভ্যান চাপায় ২ পরিচ্ছন্নতাকর্মী নিহত
যানটি জব্দের পাশাপাশি চালককে আটক করা হয়েছে।
ঢাকার খিলক্ষেত এলাকায় সড়কে পরিচ্ছন্নতার কাজ করার সময় কভার্ড ভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুই কর্মী মারা গেছেন।
রোববার ভোর পৌনে ৫টার দিকে লো মেরিডিয়ান হোটেলের বিপরীত পাশের সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন খিলক্ষেত থানার এসআই আল আমিন।
তিনি বলেন, “ডিএনসিসির দুই পরিচ্ছনতাকর্মী সড়কে কাজ করছিলেন। এমন সময় ঢাকামুখী একটি কভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।“
নিহতরা হলেন- আশরাফ আলী (৬০) ও নেহার বেগম (৪০)। আশরাফের গ্রামের বাড়ি শেরপুরে, আর নেহার বেগমের বাড়ি নওগাঁয়।
এসআই আল আমিন জানান, ময়নাতদন্তের জন্য তাদের লাশ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আর কভার্ড ভ্যান জব্দের পাশাপাশি চালক আবুল কাশেমকে আটক করা হয়েছে।
