০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচন: ফলের গেজেট বৃহস্পতিবারই

বঙ্গভবনে শুক্রবার সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 07:14 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

দেশের তেইশতম রাষ্ট্রপতি নির্বাচনের ফলের গেজেট বৃহস্পতিবারই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার বিকালে নির্বাচনের ফল ঘোষণা শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনি কর্তার’ দায়িত্বে থাকা নাসির উদ্দিন বলেন, "সংসদে সবার সহযোগিতা পেয়েছি। ঐতিহাসিক নির্বাচন হয়েছে।

“আমরা ওখান থেকে চলে এসেছি। আজকেই গেজেট প্রকাশ করা হবে। সবাই মিলে সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছি।”

এর আগে সিইসি সংসদ ভবনে ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। ভোট পড়েছে ৩৪৩টি। নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের বাক্সে ভোট পড়েছে ৮৮টি।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার।

আওয়ামী লীগের আমলে রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়া মো. সাহাবুদ্দিন গেল ২৪ জুলাই পদত্যাগ করে বঙ্গভবন ছাড়েন। এর প্রায় চার সপ্তাহ পর হলো নতুন রাষ্ট্রপতি নির্বাচন।

সাড়ে তিন দশকের মাথায় রাষ্ট্রপতি নির্বাচনে বৃহস্পতিবার ভোট দেন সংসদ সদস্যরা। সংসদ কক্ষে ভোট চলে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।