০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

এবতেদায়ী বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ

পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Sep 2026, 02:39 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

এবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর শুরু হবে, যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ফারুক আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে সময়সূচি ও পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা হবে।

১০ ডিসেম্বর বৃহস্পতিবার একই সময়ে আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, ১৩ ডিসেম্বর রোববার বাংলা ও ইংরেজি এবং ১৫ ডিসেম্বর মঙ্গলবার গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুরআন মাজিদ ও তাজভিদ এবং আরবি প্রথম ও দ্বিতীয় পত্রের ১০০ নম্বরের পরীক্ষা হবে আড়াই ঘণ্টায়। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবেন।

বাংলা ও ইংরেজি বিষয়ের পরীক্ষা একই দিনে হলেও ভিন্ন ভিন্ন কোডে নেওয়া হবে এবং উত্তরপত্রও আলাদা হবে। একইভাবে গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষাও একই দিনে ভিন্ন ভিন্ন কোডে অনুষ্ঠিত হবে এবং উত্তরপত্র আলাদা থাকবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুযায়ী এ বৃত্তি পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার অন্তত সাত দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সিল ও সইসহ প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

পরীক্ষার্থীদের উত্তরপত্রের ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

বোর্ড অনুমোদিত সাধারণ বা নন-প্রোগ্রামাবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, হেডফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যেতে পারবেন না।