Published : 24 Aug 2026, 08:24 PM
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে কয়েক দিনে ৩২৮ জন ‘ভবঘুরে ও ভিক্ষুককে’ আটক করার তথ্য দিয়েছে পুলিশ।
বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, বিমানবন্দরের প্রবেশপথ ও ভিআইপি সড়ক থেকে তাদের আটক করা হয়।
পুলিশ বলেছে, ৩২৮ জনের মধ্যে ৪০ জনকে তারা আটক করেছে সোমবার।
এদিন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী বলেন, বিমানবন্দর এলাকায় ভবঘুরে ও ভিক্ষুকদের উৎপাত দীর্ঘদিনের।
“এতে দেশি-বিদেশি যাত্রীদের চলাচলে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল। এ সমস্যা নিরসনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার অভিযান চালানো হয়।”
বিমানবন্দর থানার তথ্যের বরাতে নিয়াজ মেহেদী বলেন, “আজ (সোমবার) আটক ৪০ জনের মধ্যে ১৫ জন শিশু, দুজন নারী এবং ২৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছেন। শিশুদের মিরপুরের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্রে এবং প্রাপ্তবয়স্কদের স্পেশাল কোর্টে পাঠানোর কার্যক্রম চলছে।
এর আগে যাদের ধরা হয়েছে, তাদেরও মিরপুরের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্রে এবং প্রাপ্তবয়স্কদের স্পেশাল কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।