আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
স্থানীয় সময় ৫টা ১৫ মিনিট নাগাদ আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছান প্রধান উপদেষ্টা।
জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কপ-২৯ জলবায়ু সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস ও তার সফরসঙ্গীরা স্থানীয় সময় ৫টা ১৫ মিনিট নাগাদ আজারবাইজানের রাজধানী বাকুতে অবতরণ করেছেন।”
এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেলা ১১টায় সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ছাড়েন ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে বলেছেন, জলবায়ু সম্মেলন উপলক্ষে প্রধান উপদেষ্টা ১১-১৪ নভেম্বর আজারবাইজানে সরকারি সফরে থাকবেন।
প্রেস সচিব বলেন, এই সফরে প্রধান উপদেষ্টা ব্যস্ত সময় কাটাবেন। জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ বাকুতে নিজেদের দাবি দাওয়া তুলে ধরবে।
পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, তা তিনি বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন।
প্রেস সচিব বলেন, অধ্যাপক ইউনূস কপ-২৯ জলবায়ু সম্মেলনের বিভিন্ন ফোরামে বক্তব্য রাখবেন এবং সেখানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ যে বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে, সেটিও তুলে ধরা হবে এই সম্মেলনে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি ইউনূসের দ্বিতীয় বিদেশ সফর।
তার প্রথম সফর ছিল নিউ ইয়র্কে, জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন যোগ দেওয়া উপলক্ষে।
