০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সাগরে লঘুচাপ: চার বিভাগে অতি ভারি বর্ষণের আভাস

অতি ভারি বর্ষণের কারণে পাহাড়ে ভূমিধস এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামে জলাবদ্ধতার ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2025, 12:56 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

আবওহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর প্রভাবে বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। 

২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটারের কম বৃষ্টিপাতকে ভারি বর্ষণ ও ৮৮ মিলিলিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারি বর্ষণ বলা হয়।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের ঝুঁকি রয়েছে।

সেইসঙ্গে ভারি বর্ষণের কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে।

তিনি জানান, লঘুচাপটি আরো ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

সে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলেছে আবওহাওয়া অফিস। 

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপর সক্রিয় এবং দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

এদিকে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলাসহ রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপর দিয়ে যে মৃদু তাপপ্রাবহ বয়ে যাচ্ছে, তা প্রশমিত

হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফেনীতে দেশের সর্বোচ্চ ১৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এছাড়া কুমিল্লায় ১১৪ মিলিমিটার এবং ভোলায় ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে, ৩৮ ডিগ্রি সেলসিয়াস।