১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কিশোরকে যৌন নিপীড়নের মামলায় শিক্ষক মঈনুদ্দিনের জামিন

রাজধানীর শাহজাদপুরের নিজ বাসা থেকে রোববার সকালে গুলশান থানা পুলিশ মঈনুদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 08:33 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

রাজধানীর শাহজাদপুরে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রকে যৌন নিপীড়নের মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক জি এম এ মঈনুদ্দিন চৌধুরীকে জামিন দিয়েছে আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেন।

গুলশান থানা পুলিশের একটি দল রোববার সকালে শাহজাদপুরের বাসা থেকে মঈনুদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে। 

পরে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুল হালিম। 

অন্যদিকে আসামির পক্ষে অ্যাডভোকেট মোস্তাক আহমেদ জামিন চেয়ে আবেদন করেন। তবে মঙ্গলবার শুনানি করবেন বলে আদালতকে জানান। আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির দিন রাখেন মঙ্গলবার।

মামলার বিবরণে বলা হয়, গুলশানের শাহজাদপুর এলাকার একটি বাড়িতে ভুক্তভোগী কিশোরের পরিবারের পাশের ফ্ল্যাটে থাকেন মঈনুদ্দিন চৌধুরী। গত বছরের ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় শিশুটি বাসার প্লে-গ্রাউন্ডে খেলার সময় তাকে ‘কৌশলে’ ডেকে নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ‘যৌন নিপীড়ন’ করেন মঈনুদ্দিন। ঘটনাটি কাউকে না বলতে ‘নানা রকম ভয়ভীতি’ দেখান। 

এ ঘটনায় পর ভুক্তভোগী কিশোর শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ে এবং যে কোনো ভয় পেলেই অজ্ঞান হয়ে যেতে থাকে। পরে পরিবারকে বিষয়টি জানালে তাকে ২৬ মে চিকিৎসকের কাছে নিয়ে যান অভিভাবকরা। চিকিৎসক শিশুটিকে কোনো ভয়-ভীতি না দেখানোর পরামর্শ দেন।

গত ১৭ মার্চ দুপুরে ওই কিশোর এবং তার বাবাকে দেখে মঈনুদ্দিন চৌধুরী আবার বিভিন্ন ‘ভয়ভীতি’ দেখান এবং ‘হুমকি’ দেন। এতে কিশোরটি ‘ভীত-সন্ত্রস্ত’ হয়ে পড়লে তাকে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 

ছেলের চিকিৎসা শেষে শনিবার গুলশান থানায় মামলা করেন তার বাবা।