১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাম: আরও ৭ শিশুর মৃত্যু

সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩০ জনের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2026, 06:04 PM

Updated : 26 Aug 2026, 03:24 PM

দেশে একদিনে হাম আক্রান্ত হয়ে দুইজন শিশুর মৃত্যু হয়েছে। হামের লক্ষণ নিয়ে মারা গেছে আরও পাঁচজন।

সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ছোঁয়াচে এই রোগে এসব মৃত্যুর তথ্য দিয়েছ স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩০ জনের। এদের মধ্যে সর্বোচ্চ ১৭ জন ঢাকায় এবং পাঁচজন বরিশালের হাসপাতালগুলোতে মারা গেছেন।

এছাড়া, চট্টগ্রামের হাসপাতালগুলোতে তিনজন, ময়মনসিংহে দুই ও রাজশাহীতে তিনজন মারা গেছে। খুলনার হাসপাতালগুলোতে এখনো নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।  

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সারাদেশে ১৫৬ জন মারা গেছেন। এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৬৮ জন মারা গেছে ঢাকা; আর ৬৩ জন রাজশাহী বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৮২ জন হাম আক্রান্ত হয়েছে। এই সময়ে ১ হাজার ৩৭১ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ২৯ জন।

এ সময়ে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ২৭৪ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ১১ জন ভর্তি হয়েছে রংপুরে।

গেল ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে ১০ হাজার ৯৫৪ জন। তাদের মধ্যে ২ হাজার ৭২১ জনের হাম শনাক্ত হয়েছে।