Published : 05 Sep 2025, 01:37 AM
ঢাকার কমলাপুর এলাকায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন তিন আসামি।
আলী হোসেন, মামুন আহমেদ ও শাহীন আহমেদ নামে ওই তিন ব্যক্তি বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ওয়াহিদুজ্জামানের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
তাদের পক্ষে সিনিয়র আইনজীবী খোরশেদ আলম জামিন চেয়ে শুনানি করেন। বাদীপক্ষে অ্যাডভোকেট শাফিউল আলম জামিনের বিরোধিতা করেন।
উভয়পক্ষের বক্তেব্য শুনে আদালত তিন আসামির জামিন মঞ্জুর করেন বলে প্রসিকিউশন পুলিশের এসআই মো. রোকনুজ্জামান জানান।
মামলার বিবরণে বলা হয়, গত ৩০ অগাস্ট রাত ৮টার দিকে ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদওয়ানুল হক ও কালবেলার সাংবাদিক আব্দুজ্জাহের ভূইয়া আনাস মতিঝিলের দক্ষিণ কমলাপুর উটের খামার সংলগ্ন রাস্তার পাশে ফুটপাতে বসে ছিলেন। এ সময় আসামিরাসহ আরো ৮/১০ জন এসে উত্তেজিত ভাষায় তাদের ওই স্থান ত্যাগ করতে বলে।
“সাংবাদিক পরিচয় দেওয়ার পর আসামিরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে তাদের ওপর অতর্কিতে আক্রমণ শুরু করে এবং কিল ঘুষি ও লাথি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে।
“একপর্যায়ে আসামিরা হত্যার উদ্দেশ্যে শক্ত বস্তু দিয়ে মাথায় গুরুতরভাবে আঘাত করতে থাকে, যার ফলে ভুক্তভোগী দুই সাংবাদিকের মাথায় নীলাফোলা জখম হয়।”
মারধরে আহত দুই সাংবাদিক মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদওয়ানুল হক বাদী হয়ে পরদিন মতিঝিল থানায় মামলা দায়ের করেন।