Published : 03 Sep 2026, 08:46 PM
শ্বশুর জিয়াউর রহমানকে নিয়ে নিজের লেখা কবিতা পড়ে শোনালেন জুবাইদা রহমান।
বৃহস্পতিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে একটি বইমেলা উদ্বোধন করতে এসে কবিতাটির কয়েকটি পঙক্তি পড়ে শোনান তিনি।
‘তুমি নির্ভীক’ নামে এ কবিতা লিখেছেন জুবাইদা রহমান।
মেলার উদ্বোধন ঘোষণা করে তিনি পড়ে শোনান, “তুমি নির্ভীক, তুমি গণতন্ত্রের প্রতীক; জনতার অধিকারের অতন্দ্র প্রহরী তুমি; অসাধারণ সাহসী মূর্তি; তুমি নেতা, তুমি কঠোর পরিশ্রমী; দিন কেটেছে তোমার সবার চিন্তায় বিরামহীন; তুমি বিদ্রোহী, তুমি আশার আলোয় আরোহী; তুমি বিজয়ী, তুমি মৃত্যুঞ্জয়ী, তুমিই স্বাধীনতা।”
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ মেলা আয়োজন করেছে জিয়া স্মৃতি পাঠাগার।
মেলার উদ্বোধনীতে জুবাইদা রহমান বলেন, “বাংলাদেশের নব্বই হাজার ৪৯টি গ্রামে এই পাঠাগার ছড়িয়ে পড়ুক; শিশু কিশোরদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে উঠুক। শিশু কিশোরদের মাঝে মূল্যবোধ, সততা, নিষ্ঠা, বদ্ধমূলভাবে প্রতিষ্ঠিত হবে এ পাঠাগারের মাধ্যমে।”
বই পড়ার অভ্যাস থাকলে শিশু-কিশোররা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, “আমাদের নানা-নানিরা, দাদা-দাদিরা আর কিছু না হলেও শরৎচন্দ্রের বই পড়েছেন, নজরুলের কবিতা পড়েছেন, রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো পড়েছেন।
“কিন্তু এখন আর এখনকার যুগের যারা মা-খালা, তাদেরকে সেভাবে বই পড়তে দেখি না। আর তারা বই পড়েন না বলে তাদের সন্তানরাও বই পড়েন না।”
মাহবুব উল্লাহ বলেন, “সবচেয়ে বেশি বই পড়ার কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। আমি নিজে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে অত্যন্ত গ্লানিবোধ করি। বেদনা বোধ করি যে, আমার সহকর্মীদের মধ্যে বই পড়ার যে চর্চা, সেই চর্চা অনেক দুর্বল হয়ে গেছে।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ফরহাদ হালিম ডোনার বলেন, “আমাদের ছেলেমেয়েরা, ইয়াং জেনারেশন, এখন কিন্তু আর বই পড়তে চায় না। আমরা মোবাইলের ওপর এত বেশি নির্ভর হয়ে গেছি।”
জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেলা চলবে ৯ দিন। এতে ৪৮টি স্টল অংশগ্রহণ করছে।