Published : 13 Sep 2026, 08:57 PM
‘সরকার উৎখাতের পরিকল্পনার’ অভিযোগে ঢাকার উত্তরখান থেকে গ্রেপ্তার আট জনকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই আবু বকর ছিদ্দিক এ তথ্য দিয়েছেন।
গ্রেপ্তারদের আইনজীবী শুনানিতে দাবি করেছেন, তারা একটি গ্যারেজে ‘ক্যারম খেলছিলেন’।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. মাজহারুল ইসলাম ওরফে রায়হান, মো. রাকিব, মো. তানভীর খান, মো. আবদুর রহমান, মো. সিফাত, মো. মাহফুজুর রহমান, মো. আশিক মিয়া এবং মো. বকুল আহমেদ ওরফে রাজু।
শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ আটজনসহ অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করে মামলা করেছেন উত্তরখান থানার এসআই জাহিদ হোসেন।
রোববার আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরখান থানার এসআই রফিকুল ইসলাম।
আবেদনে বলা হয়, উত্তরখান থানার পুরানপাড়ার একটি অটো গ্যারেজের ভেতরে ‘নিষিদ্ধ ঘোষিত’ সংগঠনের কিছু সদস্য সমবেত হয়ে সরকার ও জনসাধারণের ‘শান্তি বিনষ্টসহ নাশকতামূলক কর্মকাণ্ডের’ পরিকল্পনা করছিল। উত্তরখান থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে আট আসামিকে গ্রেপ্তার করে।
আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তারা ‘পরস্পর যোগসাজশে’ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রতিষ্ঠিত বৈধ সরকারকে ‘উৎখাত ও জনসাধারণের শান্তি বিনষ্টসহ সরকারি সম্পদ ক্ষতি সাধনের লক্ষ্যে’ একত্রিত হয়েছিল।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জন পালিয়ে যায়।
গ্রেপ্তারদের রিমান্ডের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ।
আসামিদের পক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান তালুকদার রিমান্ড আবেদন বাতিল করে জামিন প্রার্থনা করেন।
শুনানিতে তিনি বলেন, “আট আসামির কেউ কোনো সংগঠনের সদস্য বা সমর্থক নয়। তাদের নামের পাশে কোনো পদপদবি নেই। তারা রিকশার গ্যারেজে ক্যারম খেলছিলেন। এ অবস্থায় তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
“তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনো যৌক্তিকতা নেই। সুনির্দিষ্ট অভিযোগ নেই, পদপদবি নেই।”
উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত আসামিদের চার দিনের রিমান্ডের আদেশ দেয়।