আইসক্রিমের নাম ডেনিশ-সেভেন আপ, বানানো হচ্ছিল মেয়াদোত্তীর্ণ উপাদানে
হালনাগাদকৃত ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স ও বিএসটিআই সনদ কিছুই দেখাতে পারেনি কারখানাটি।
নোংরা পরিবেশে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার এবং নকল লেবেল ব্যবহারের অপরাধে ঢাকার ভেনিস আইসক্রিম কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।
সংস্থার নির্বাহী হাকিম অনুপম দাস অনুপ মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন বলে রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য দিয়েছে বিএফএসএ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সবুজবাগ থানার বাসাবো এলাকার কুসুমবাগ দক্ষিণবাগে কারখানাটির অবস্থান। মঙ্গলবার সেখানে ভ্রাম্যমাণ আদালত চালাতে গিয়ে নির্বাহী হাকিম দেখতে পান, নোংরা পরিবেশে বিভিন্ন প্রকার আইসক্রিম উৎপাদন হচ্ছে।
প্রতিষ্ঠানটি ডেনিশ ও সেভেন আপ লেভেল লাগিয়ে আইসক্রিম তৈরি ও বিক্রির জন্য সংরক্ষণ করছিল। এছাড়া মেয়াদোত্তীর্ণ ভ্যানিলা ফ্লেভার সংরক্ষণ, আইসক্রিম রাখার স্টোরেজে মাছ-মাংস সংরক্ষণ, হালনাগাদকৃত ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স ও বিএসটিআই সনদ প্রদর্শনে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি।
পরে কারখানা কর্তৃপক্ষ দোষ স্বীকার করলে ২০১৩ সালের নিরাপদ খাদ্য আইনে তাদের অর্থদণ্ড করে তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
