১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাপানি কোম্পানিগুলোকে আরো বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে আরো একটি শিল্প পার্ক স্থাপনে জাপান আগ্রহী হলে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলেছেন তারেক রহমান।

জাপানি কোম্পানিগুলোকে আরো বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
সচিবালয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসার নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2026, 05:42 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন খাতে জাপানের আরো সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে তারেক রহমান এ আহ্বান জানান।  

এ সাক্ষাতের তথ্য দিয়ে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বলেন, “বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে কৌশলগত অংশীদারত্ব আরো সুদৃঢ় করা এবং দ্বিপাক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে।

“প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন। মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন খাতে জাপানের আরো সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী।”

জাপানের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিমান চলাচল বিষয়ক সহকারী ভাইস মিনিস্টার নাকায়ামা রিয়েকো, ঢাকা দেশটির রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং জাপানের সিভিল এভিয়েশন ব্যুরোর ঊধর্তন কর্মকর্তারা।

শাহাদাৎ স্বাধীন বলেন, “বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং চলমান ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) প্রকল্পের অগ্রগতিসহ বিভিন্ন অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

“প্রধানমন্ত্রী জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষি শ্রমিক ও গাড়ি চালক নিয়োগে উদ্যোগ নেওয়ার জন্য জাপানি প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান। নারায়ণগঞ্জের আড়াইহাজারের মত আরো একটি শিল্প পার্ক স্থাপনে জাপান আগ্রহী হলে বাংলাদেশ সরকার সর্বাত্মক সহযোগিতা করার কথা বলেছেন প্রধানমন্ত্রী।”

বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।