১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বনশ্রীতে ধর্ষণ ও আত্মহত্যা: মাদ্রাসাছাত্র শিহাব কারাগারে

শিহাবের বিরুদ্ধে আরো কয়েক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2026, 08:46 PM

Updated : 26 Aug 2026, 03:41 PM

ঢাকার বনশ্রীর সি-ব্লকে আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার এক শিক্ষার্থীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার মামলায় সেখানকার জ্যেষ্ঠ ছাত্র মো. শিহাব হোসেনকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই আবুল কালাম আজাদ এ তথ্য দিয়েছেন।

গত ১৮ মে রাতে বনশ্রী সি-ব্লকের আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে গলায় গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ১০ বছর বয়সের এক ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর দিন পাবনা থেকে শিহাবকে আটক করা হয়।

এরপর ২০ মে শিশুটির মা টুকু আরা খাতুন ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে শিহাব ও নাম না জানা আরো কয়েকজনকে আসামি করে মামলা করেন। সেদিনই শিহাবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। মামলা তদন্ত করছেন রামপুরা থানার এসআই সাইফুল ইসলাম।

এদিকে শিহাবের বিরুদ্ধে আরো কয়েক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মাদ্রাসাটির আরেক ছাত্রের বাবা ২৩ মে তার বিরুদ্ধে মামলা করেছেন। সেদিনই ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই একরামুল হক। আদালত আগামী ২ জুন শুনানির দিন রেখেছেন।

মামলাটিতে গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, বনশ্রীর মাদ্রাসাটিতে শিহাব দুই বছর ধরে পড়ছেন। তিনি চার ছাত্রকে ‘কু-প্রস্তাব’ প্রস্তাব দেন। ওই চারজনের একজন বিষয়টি তার অভিভাবকের কাছে বলে দেন। তখন বিষয়টি মামলার বাদীর কানে গেলে শিহাবকে সতর্ক করে দেওয়া হয়। এরপরও গত ১০ মার্চ সেখানকার ১২ বছরের এক ছাত্রকে ধর্ষণের অভিযোগ ওঠে। তদন্তে গিয়ে পুলিশ আরো দুই শিক্ষার্থীকে ধর্ষণের তথ্য পায়। এরপর ২৩ মে তার বিরুদ্ধে মামলা করেন সেই অভিভাবক।