Published : 10 Jan 2026, 08:43 AM
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটের দিন কেন্দ্রে পোলিং এজেন্টরা মোবাইল অথবা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না।
নির্বাচনি এজেন্ট ও পোলিং এজেন্ট নিয়োগ, তাদের দায়িত্ব ও কর্তব্য, নির্বাচনি ব্যয় বিবরণী দাখিল, এ বিবরণী দাখিল না করার শাস্তিসহ নানা পদক্ষেপ নিতে বৃহস্পতিবার পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন।
১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে লড়তে এখন বৈধ প্রার্থী রয়েছে ১৮৪২ জন; প্রার্থিতা ফিরে পাওয়ার লড়াইয়ে নির্বাচন কমিশনে আপিলে গেছে কয়েকশ জন। ভোটের লড়াইয়ে যারা থাকবেন, তাদের তালিকা চূড়ান্ত হবে ২১ জানুয়ারি।
প্রার্থিতা প্রত্যাহারের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন রিটার্নিং কর্মকর্তা। এ বৈঠকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনি এজেন্ট ও পোলিং এজেন্টদের করণীয় দায়িত্ব-কর্তব্য, নির্বাচনি আইন, বিধিমালা অনুসরণ ও প্রতিপালন এবং নির্বাচনে সন্ত্রাসমূলক কার্যকলাপ রোধের বিষয়ে তুলে ধরা হবে।
নির্বাচনি এজেন্ট ও পোলিং এজেন্ট
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার রয়েছে পৌনে ১৩ কোটি। এ নির্বাচনে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে ২ লাখ ৪৫ হাজারেরও বেশি ভোট কক্ষ থাকছে। এতে নির্বাচনি এজেন্ট ও কেন্দ্রভিত্তিক পোলিং এজেন্ট নিয়োগ করবেন প্রার্থী।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, প্রার্থী নিজ নির্বাচনি এলাকার যোগ্য ভোটারকে নির্বাচনি এজেন্ট হিসেবে নিয়োগ দিতে পারবেন, যিনি সংসদ সদস্য হওয়ার যোগ্যতা সম্পন্ন। এ ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত নোটিস দিতে হবে। প্রয়োজনে এজেন্ট পরিবর্তন বা বাতিল করা যাবে।
>> এজেন্ট নিয়োগ না করলে প্রার্থী নিজেই নির্বাচনি এজেন্ট হিসেবে গণ্য হবেন।
>> প্রতিটি ভোটকক্ষের জন্য একজন করে পোলিং এজেন্ট নিয়োগের সুযোগ থাকবে প্রার্থী বা নির্বাচনি এজেন্টের। ভোটগ্রহণের আগে প্রিজাইডিং কর্মকর্তার কাছে নিয়োগপত্র দেখাতে হবে।
>> পোস্টাল ব্যালট গণনার জন্য প্রতি আসনে একজন করে পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া যাবে। আর তা নিয়োগ না করা হলে প্রার্থী বা তার এজেন্ট উপস্থিত থাকতে পারবেন।
ভোটগ্রহণ শুরু থেকে গণনা শেষ পর্যন্ত এজেন্টদের উপস্থিতি ও ভূমিকা গুরুত্বপূর্ণ।
>> ভোট গণনার পর প্রিজাইডিং কর্মকর্তা ভোটের হিসাব সম্বলিত অনুলিপি এজেন্টদের দেবেন।
>> এজেন্টদের কেউ স্বাক্ষর বা রসিদ দিতে অস্বীকৃতি জানালে তা লিখিতভাবে সংরক্ষণ করতে হবে। ফল একত্রীকরণের সময়ও প্রার্থী ও নির্বাচনি এজেন্টদের উপস্থিত থাকার সুযোগ থাকবে।
>>যদি কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিংবা নির্বাচনি এজেন্ট কিংবা পোলিং এজেন্ট ভোট গণনার সময় অথবা ফল একত্রীকরণের সময় উপস্থিত না থাকেন অথবা কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ প্রক্রিয়ায় কোনো এজেন্ট নিয়োজিত না করেন, তবে অনুপস্থিতির বিষয়টি লিখিতভাবে রেকর্ড করার ব্যবস্থা করতে হবে।
ব্যয় বিবরণী দিতেই হবে
প্রতিদ্বন্দ্বি সব প্রার্থীকে নির্বাচনি ব্যয়ের রিটার্ন দাখিল করতে হবে। কোনো ব্যয় না হলেও নির্ধারিত ফরমে ব্যয় রিটার্ন জমা দিতে হবে।
পরিপত্রে জানানো হয়েছে, নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী মনোনয়নপত্রের সঙ্গে ব্যয়ের সম্ভাব্য উৎস, সম্পদ ও আয়-ব্যয়ের বিবরণী জমা দিতে হবে। ফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনি ব্যয়ের পূর্ণাঙ্গ রিটার্ন ও হলফনামা রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করতে হবে এবং এর অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়েও পাঠাতে হবে। ব্যয় না হলেও শূন্য ব্যয়ের রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক।
নির্দেশনায় বলা হয়েছে, ব্যয়ের নির্ধারিত উৎসের বাইরে অর্থ খরচ, সীমা অতিক্রম বা ব্যয়ের রিটার্ন দাখিল না করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এসব অপরাধে সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।
জাল ভোট রোধে ও অন্যান্য
নির্বাচনে সন্ত্রাসমূলক কার্যকলাপ, ভীতি প্রদর্শন, বল প্রয়োগ, অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার এবং জাল ভোট ঠেকাতে প্রার্থী ও এজেন্টদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে ইসি।
ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে অবৈধ প্রচার, বিশৃঙ্খলা বা গোপনীয়তা লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন রিটার্নিং কর্মকর্তা।
>> দুর্নীতিমূলক অপরাধ, বেআইনি আচরণ, উৎকোচ গ্রহণ, মিথ্যা পরিচয়ে ভোটদান, অপহরণ, বল প্রয়োগ কিংবা সন্ত্রাসমূলক কার্যকলাপ, অস্ত্র বা শক্তি প্রদর্শন বা প্রয়োগ, ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের ৪০০ (চারশত) গজের মধ্যে ক্যানভাস, উজ্জ্বল আচরণ, অবৈধ হস্তক্ষেপ, ভোটগ্রহণের গোপনীয়তায় হস্তক্ষেপ ইত্যাদি বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
>>টেন্ডার্ড ভোট, আপত্তিকৃত ভোটের বিষয়ে পোলিং এজেন্টের দায়িত্ব ও করণীয় রয়েছে।
>>কোনো মহল বা ব্যক্তি যাতে এ অপরাধমূলক কার্যকলাপে কোনোক্রমেই সংঘটিত না হয়, সে উদ্দেশ্যে নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে সার্বিক সহযোগিতার পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা নেবেন প্রার্থী ও এজেন্টরা।