১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

গণ বিশ্ববিদ্যালয়ের চাকরিতে ফিরতে বাধা নেই দেলোয়ারের

বিভিন্ন অভিযোগে ২০২০ সালে তাকে রেজিস্ট্রার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2025, 09:52 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদ থেকে মো. দেলোয়ার হোসেনকে অব্যাহতির আদেশ অবৈধ ঘোষণা করেছে আদালত।

বুধবার ঢাকার সিনিয়র সহকারী জজ (সাভার) মো. হাবিবুর রহমান এ রায় দেন। এর মধ্যে দিয়ে ওই পদে ফিরতে তার বাধা থাকছে না।

দেলোয়ারের আইনজীবী এস এইচ কৃষ্ণ বলেন, “তাকে অব্যাহতির আদেশ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে আদালত। এতে পুনরায় রেজিস্ট্রার পদ ফিরে পেতে আর কোনো বাধা নেই।”

দেলোয়ার বলেন, “প্রয়াত জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে আমিও গণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি। উদ্দেশ্য ছিল স্বল্পমূল্যে শিক্ষা নিশ্চিত করা। আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে আমার বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হয়েছিল। আদালতের আদেশে আমি পদ ফিরে পেলাম। এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”

মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ১২ সেপ্টেম্বর বিভিন্ন অভিযোগ এনে রেজিস্ট্রার পদ থেকে মো. দেলোয়ার হোসেনকে অব্যাহতি দেয় গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড। পরের বছরের ৪ এপ্রিল ওই আদেশের বিরুদ্ধে ঢাকার নবম সহকারী জজ আদালতে মামলা করেন তিনি। চার বছর তার আইনি লড়াইয়ের পর রায় দিল আদালত।