Published : 23 May 2026, 06:08 PM
বিমান ও পর্যটন খাতের উন্নয়নে ভবিষ্যতে নতুন কোনো প্রকল্প গ্রহণের আগে আর্থিক সম্ভাব্যতা যথাযথভাবে যাচাইয়ের কথা বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
তিনি বলেছেন, “যেকোনো অবকাঠামো নির্মাণের আগে সুপরিকল্পিত কর্মপরিকল্পনা থাকা অত্যন্ত জরুরি। পাশাপাশি ঠিকাদারদের কাজের অগ্রগতি পর্যবেক্ষণে সংশ্লিষ্টদের আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
শনিবার সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২০২৫-২৬ অর্থবছরে এপ্রিল ২০২৬ মাসের আরএডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভায় তিনি এসব কথা বলেন।
পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
সভায় মন্ত্রী বলেন, “বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চলমান প্রকল্পগুলোর অবশিষ্ট কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।
”জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল যেন প্রকৃত অর্থে জনগণের কাছেই ফিরে যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সর্বদা সজাগ ও দায়িত্বশীল থাকতে হবে। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতারে সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।