প্রাথমিকে শিক্ষক নিয়োগ : শুক্রবারের লিখিত পরীক্ষা পেছাল
পরীক্ষার পরবর্তী তারিখ শিগগিরই জানানো হবে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে শুক্রবারের পরীক্ষা পিছিয়ে গেছে।।
বুধবার থেকে শুক্রবার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় এ পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শাহাদাত হোসেন মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবারের নিয়োগ পরীক্ষা পেছানো সিদ্ধান্ত হয়েছে। এখন লিখিত নির্দেশনা জারির প্রক্রিয়া চলছে।”
পরীক্ষার পরবর্তী তারিখ শিগগিরই জানানো হবে বলেও জানিয়েছেন এ কর্মকর্তা।
প্রথম ধাপে গত ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের স্কুলগুলোর ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ পায়।
দ্বিতীয় ধাপে গত ১২ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের স্কুলগুলোর ৪ হাজার ১৬৬টি সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়।
দুই ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও দেশের আট বিভাগের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা একযোগে শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ পরীক্ষার প্রবেশপত্র গত শনিবার থেকে ডাউনলোড করার সুযোগ পাচ্ছেন প্রার্থীরা।
