২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

মতভেদ ও ভিন্ন মতের স্বীকৃতিই গণতন্ত্রের মূলমন্ত্র: মঈন খান

“গণতন্ত্র এমন একটি ব্যবস্থা, যেখানে মানুষের কথা বলার সুযোগ থাকে,” বলেন তিনি।

মতভেদ ও ভিন্ন মতের স্বীকৃতিই গণতন্ত্রের মূলমন্ত্র: মঈন খান
ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কামাল হোসেনকে সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মঈন খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2026, 10:53 PM

Updated : 19 Sep 2026, 02:34 PM

মতভেদ ও ভিন্ন মতের স্বীকৃতিকে গণতন্ত্রের মূলমন্ত্র হিসেবে বর্ণনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মঈন খান।

শনিবার গণফোরামের এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা যে একে অপরের সঙ্গে মতের বিভেদ করি, সেটাই হচ্ছে গণতন্ত্রের মূলমন্ত্র। আমি বিশ্বাস করি, তিনি (কামাল হোসেন) যখন এই দলটি (গণফোরাম) সৃষ্টি করেছিলেন, তিনি গণতন্ত্রের এই মূলমন্ত্রের উপরে ভিত্তি করে এই দলটি সৃষ্টি করেছিলেন।

“গণতন্ত্রের মূলমন্ত্রই হলো ভিন্ন মত। গণতন্ত্র এমন একটি ব্যবস্থা, যেখানে মানুষের কথা বলার সুযোগ থাকে।”

ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কামাল হোসেনকে সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলছিলেন মঈন খান।

তিনি বলেন, “আমাদের মতভেদ থাকবে। এটা হতে পারে না যে পৃথিবীতে সব মানুষের মত একই হবে, অভিন্ন হবে। এটা প্রকৃতির নিয়মবিরুদ্ধ। কাজেই ভিন্ন মত থাকবে, কিন্তু আমরা যুক্তি দিয়ে, তর্ক দিয়ে আমরা যেটা সঠিক, আমরা সেই পথে এগিয়ে যাব।”

অনুষ্ঠানে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, বাসদের উপদেষ্টা খালেকুজ্জামান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহানও কথা বলেন।