১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভরা বর্ষায় তাপপ্রবাহের আভাস

জুলাই মাসে বঙ্গোপসারে এক থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে, এর মধ্যে একটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

ভরা বর্ষায় তাপপ্রবাহের আভাস
রোদ থেকে রক্ষা পেতে রাস্তাঘাটে অনেক নগরবাসীই ছাতা ব্যবহার করছেন। ছবি: আব্দুল্লাহ আল মমীন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2025, 08:58 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

জুলাই মাসে ভরা বর্ষাকালেও দেশে বিচ্ছিন্নভাবে এক থেকে দুটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  

এছাড়া চলতি মাসে বঙ্গোপসারে এক থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে, এর মধ্যে একটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। 

বুধবার জুলাই মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশে বিচ্ছিন্নভাবে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির কম তাপমাত্রাকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তর বলছে, জুলাই মাসে দেশের কোথাও কোথাও পাঁচ থেকে ছয়দিন বিজলিসহ বজ্রবৃষ্টি হতে পারে। তবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আর চলতি মাসের প্রথমার্ধে বৃষ্টির ফলে দেশের প্রধান নদ-নদীর পানি সামগ্রিকভাবে বাড়তে পারে। তবে দ্বিতীয়ার্ধে নদীর প্রবাহ স্বাভাবিক থাকতে পারে।