Published : 18 Aug 2025, 08:46 PM
পানি সম্পদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নতুন সচিবদের দায়িত্ব দিয়েছে সরকার; যাদের মধ্যে একজনকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।
সোমবার এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় পানিসম্পদ মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব হিসেবে মো. মোকাব্বির হোসেনকে বেছে নিয়েছে। আর সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পদোন্নতি পেয়ে নতুন সচিব হয়েছেন অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু ইউছুফ।
মোকাব্বির হোসেন এতদিন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এ বিভাগের আগের সচিব নাজমুল আহসান রোববার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান।
অপরদিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহিউদ্দিন গত ৪ অগাস্ট অবসরে যান। তার জায়গায় দায়িত্ব পেলেন পদোন্নতি পাওয়া আবু ইউছুফ।
প্রথম নারী শিক্ষা সচিব হলেন রেহানা পারভীন
এদিন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) রেহানা পারভীন। তিনি এ মন্ত্রণালয়ে প্রথম নারী সচিব।
শিক্ষার্থীদের আপত্তির মুখে গত ২৩ জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়।