১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিদ্যুতের প্রিপেইড মিটারের চার্জ কীভাবে ঠিক হয়, খতিয়ে দেখা হচ্ছে: মন্ত্রী

“প্রি–পেইড মিটারের প্রোগ্রাম কীভাবে কাজ করে, ভেতরে কী সেটিং আছে—সেগুলো বুঝতে পারলে ১০ শতাংশ চার্জ নিয়ে সমাধানে আসা সম্ভব হবে।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2026, 07:32 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জের বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেছেন, “প্রিপেইড মিটারে যে মাসিক মিটার চার্জ কাটা হয়, সেটি কীভাবে নির্ধারিত হচ্ছে, তা খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। মিটারে ব্যবহৃত প্রোগ্রাম পরীক্ষা–নিরীক্ষা করতে বলা হয়েছে। এটা নিয়ে বৈঠক করেছি।”

রোববার  ‘বিদ্যুৎ ও জ্বালানি খাত সংস্কার: জনপ্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন মন্ত্রী। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় দৈনিক সমকাল কার্যালয়ে এ বৈঠক হয়।

পরে সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা মিটার নিয়ে কাজ করছি। টেস্ট করতে বলা হয়েছে, চেক করে দেখব, তারপর সরকার সিদ্ধান্ত জানাবে।”

সমকাল ও ক্যাব আয়োজিত গোলটেবিল বৈঠকে মন্ত্রী বলেন, গ্রাহকদের কাছ থেকে প্রায় ১০ শতাংশ পর্যন্ত চার্জ নেওয়া হচ্ছে, এ নিয়ে জনগণের প্রশ্ন রয়েছে। 

তিনি বলেন, “প্রি–পেইড মিটারের প্রোগ্রাম কীভাবে কাজ করে, ভেতরে কী সেটিং আছে—সেগুলো বুঝতে পারলে ১০ শতাংশ চার্জ নিয়ে সমাধানে আসা সম্ভব হবে।”

বর্তমানে বিদ্যুতের প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা মিটার ভাড়া হিসেবে দিতে হয়। অনেক গ্রাহক অভিযোগ করে আসছেন, মিটারের দাম উঠে যাওয়ার পরও বছরে র পর বছর এই ভাড়া নেওয়া হচ্ছে । 

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন নাগরিক সংগঠনে র পক্ষ থেকেও এই মিটার চার্জ প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে।