Published : 20 Jul 2025, 08:14 PM
দেশের নানা প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী ত্যাগ স্বীকার করায় বাহিনীর প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
তিনি বলেছেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
“বর্তমানে সেনা সদস্যগণ বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য তাদের ওপর অর্পিত দায়িত্ব বেশ কিছু সময় ধরে পালন করে আসছেন।”
রোববার ঢাকা সেনানিবাসে সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করে সরকারপ্রধান এ মন্তব্য করেন।
বাসস লিখেছে, প্রথম পর্বের এ পদোন্নতি পর্ষদে কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির কর্মকর্তারা পদোন্নতির জন্য বিবেচিত হবেন। পদোন্নতির জন্য কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা, আনুগত্যের মতন বিষয়কে গুরুত্ব দিতে পর্ষদের সদস্যদের নির্দেশ দেন সরকারপ্রধান।
সৎ, নীতিবান, পেশাদার ও নেতৃত্বের গুণাবলী সম্পন্ন কর্মকর্তারাই পদোন্নতির দাবিদার বলেও তিনি মন্তব্য করেন। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যেসব কর্মকর্তা সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্বে সফল হয়েছেন, তাদেরকে পদোন্নতি দিতে প্রধান উপদেষ্টা নির্দেশ দেন বলে বাসস জানিয়েছে।
এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ এবং চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম।
ঢাকা সেনানিবাসে রোববার সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৫ উদ্বোধন করে পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
বাসস লিখেছে, নির্বাচনি পর্ষদ উদ্বোধন করায় অধ্যাপক ইউনূসের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সেনাপ্রধান। এ সময় সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন।