২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বন্যা উপদ্রুত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান ক্রীড়া উপদেষ্টার

তার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সেনাসদস্যরা এক দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন, বলেন তিনি।

বন্যা উপদ্রুত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান ক্রীড়া উপদেষ্টার
শুক্রবার কুমিল্লা সার্কিট হাউজে বন্যা পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2024, 05:47 PM

Updated : 10 Sep 2026, 12:15 PM

উজান থেকে নেমে আসা ঢল ও ভারি বৃষ্টিতে দেশের পূর্বাঞ্চলে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়াবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

বন্যা উপদ্রুত অঞ্চলের পরিস্থিতি নিয়ে শুক্রবার কুমিল্লা সার্কিট হাউজে বিফ্র করেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক থেকে উপদেষ্টার আসনে বসা এই তরুণ নেতা। 

বিফ্রিংয়ে আসিফ মাহমুদ বলেন, “আমি আমার এক মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার ঘোষণা দিয়েছি। সকল পক্ষের কাছে আমাদের এ আহ্বানটা থাকবে। সবাই যদি আমরা এভাবে এগিয়ে আসি তাহলে অর্থনৈতিক সংকট দ্রুত সময়ের মধ্যে মোকাবেলা করতে পারব।”

তিনি বলেন, তার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সেনাসদস্যরা তাদের এক দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন। 

“এই সময়টা ঐক্যবদ্ধ হওয়ার। সরকার এবং জনগণ একসঙ্গে হয়ে যে কাজ করছে আমরা দুর্যোগপূর্ণ সময়টাতে সে প্রমাণ পেয়েছি। এটা আশার আলো দেখায়।” 

এর আগে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান জমা দেওয়ার অনুরোধ করেন তার প্রেস সচিব শফিকুল আলম।

আগ্রহীরা অনুদান জমা দিতে পারবেন এই হিসাবে: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়, হিসাব নম্বর: ০১০৭৩৩৩০০৪০৯৩।

উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কাজ করছেন। সে লক্ষ্যে ঢাকায় ত্রাণ সংগ্রহের কাজ চলছে।

“ফেনীসহ অন্যান্য  দুর্যোগপূর্ণ এলাকায় প্রবেশ করা যাচ্ছে না বলে সেগুলো এখনও স্থগিত করা আছে। পানি যেহেতু নেমে যচ্ছে কিছু কিছু জায়গায়, পানি নেমে গেলেই সেখানে ত্রাণ পৌঁছে দেওয়া হবে। 

“আরও লজিস্টিক সাপোর্ট পাঠানোর চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া সারা দেশেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কাজ করে যাচ্ছে।”

দুর্যোগ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার এই ১১ জেলায় আকস্মিক বন্যায় ৪৪ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ১৩ জন মানুষের।