Published : 08 Dec 2025, 03:22 PM
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর আব্দুল গণি রোডের শিক্ষা ভবনের সামনের সংযোগ সড়ক থেকে সচিবালয় অভিমুখী সড়কে দ্বিতীয় দিনের মত অবস্থান নিয়েছেন সাত কলেজ শিক্ষার্থীরা।
এতে হাই কোর্ট মোড় থেকে সচিবালয় অভিমুখে যান চলাচল বন্ধ রয়েছে।
সোমবার দুপুর পৌনে ১টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। আন্দোলনকারীরা সড়কে বসে দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এদিকে হাই কোর্ট মোড় থেকে সচিবালয় অভিমুখের সড়কে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে পুলিশ৷ এতে এই লেন দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২৪-২৫ ব্যাচের ঢাকা কলেজের শিক্ষার্থী আবু বকর দুপুর পৌনে ৩টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অধ্যাদেশ জারি হওয়ার আগ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব৷ দ্রুত অধ্যাদেশ জারি করতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।
“অন্যান্য বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু হয়ে এক বছর পার হয়ে গেছে। সেখানে আমরা সেশন জটের মুখে। আমরা দ্রুত অধ্যাদেশ চাই।”
রোববার দুপুর থেকে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এদিন দুপুর থেকে সড়কে অবস্থান নিয়ে দাবি জানানোর পর রাতে তারা সড়ক ছেড়ে দেন। সোমবার দুপুরে তারা ফের সড়কে অবস্থান নিলেন।
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের কার্যক্রম যখন চলছে, তখন এর আশু কাঠামো নিয়ে কলেজগুলোর শিক্ষকরা ও শিক্ষার্থীদের কয়েকটি অংশ মুখোমুখী অবস্থান নিয়েছেন।
গত ২৪ সেপ্টেম্বর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। খসড়ায় সাতটি কলেজকে চারটি স্কুলে বিভক্ত করে ‘ইন্টারডিসিপ্লিনারি’ বা 'স্কুলিং' কাঠামোতে বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী কলেজগুলো উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠদানও চালু থাকবে।
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ এর প্রস্তাবিত কাঠামোতে সাতটি কলেজসহ সারা দেশের সরকারি কলেজগুলোতে শিক্ষক হিসাবে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতির মত মৌলিক অধিকার ক্ষুণ্ন হওয়ার শঙ্কায় আছেন। তারা কলেজগুলোর স্বাতন্ত্র বজায় রেখে 'অধিভুক্তিমূলক কাঠামোতে' নতুন বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।
আর কলেজগুলোর বর্তমান শিক্ষার্থীদের একাংশ নতুন বিশ্ববিদ্যালয়টির আইনি কাঠামো দ্রুত নিশ্চিত করার পক্ষে অবস্থান নিয়ে দ্রুততম সময়ে অধ্যাদেশ জারির দাবি জানাচ্ছেন।
অপর দিকে উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের একাংশ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের মতই প্রস্তাবিত কাঠামোর বিরোধিতা করে বলছেন, স্কুলিং কাঠামোতে কলেজগুলোর স্বাতন্ত্র বজায় থাকবে না।
এমন বাস্তবতায় শিক্ষা মন্ত্রণালয় অধ্যাদেশ সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছে; যদিও এ প্রক্রিয়া ‘সময়সাপেক্ষ’ বলেও জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: রাতেও শিক্ষা ভবনের সামনে অবস্থানে শিক্ষার্থীরা