১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ক্যাপস্টোন কোর্সে ৩৯ ফেলোর অংশগ্রহণ, সমাপনীতে সনদ দিলেন সেনাপ্রধান

সংসদ সদস্য, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, সরকারি ও বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন প্রতিনিধি, শিক্ষাবিদ, চিকিৎসক, কূটনীতিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা ছিলেন ফেলোদের মধ্যে।

ক্যাপস্টোন কোর্সে ৩৯ ফেলোর অংশগ্রহণ, সমাপনীতে সনদ দিলেন সেনাপ্রধান
ছবি: আইএসপিআর

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 10:18 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) পরিচালিত তিন সপ্তাহব্যাপী ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/২’-এর সমাপনী অনুষ্ঠান হয়েছে মিরপুর সেনানিবাসে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী ফেলোদের হাতে সনদপত্র তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ অগাস্ট শুরু হয়ে ২০ আগস্ট শেষ হওয়া ক্যাপস্টোন কোর্স ২০২৬/২-এ মোট ৩৯ জন ফেলো অংশ নেন। তাদের মধ্যে সংসদ সদস্য, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, সরকারি ও বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন প্রতিনিধি, শিক্ষাবিদ, চিকিৎসক, কূটনীতিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা ছিলেন।

ন্যাশনাল ডিফেন্স কলেজের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ক্যাপস্টোন কোর্সটি জাতীয় নিরাপত্তা ও কৌশলগত অধ্যয়ন বিষয়ে জ্ঞান, দক্ষতা ও বিভিন্ন পর্যায়ের নেতৃত্বের মধ্যে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে পরিচালিত হয়। 

আইন ও নীতিনির্ধারক, নিরাপত্তা খাতের পেশাজীবী, বিচারক, নির্বাহী, বেসামরিক সমাজের প্রতিনিধি, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, উদ্যোক্তা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা কোর্সটিতে অংশ নেওয়ার সুযোগ পান।

সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কোর্সটি সফলভাবে সম্পন্ন করায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান।

জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করা এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সাংবিধানিক দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।

ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অব্যাহত সংলাপ ও ঐকমত্য গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

কোর্স চলাকালে ফেলোদের সক্রিয় অংশগ্রহণ তাদের কৌশলগত উপলব্ধি সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন খাতের নেতৃত্বের মধ্যে একটি শক্তিশালী জাতীয় মেলবন্ধন গড়ে তুলতে সহায়ক হয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।

এনডিসির তথ্য অনুযায়ী, ক্যাপস্টোন কোর্সের মূল লক্ষ্য কৌশলগত সচেতনতা বৃদ্ধি, গঠনমূলক চিন্তাধারার বিকাশ, আন্তঃবিভাগীয় সহযোগিতা জোরদার এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে অভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে তোলা।

সশস্ত্র বাহিনী, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, এনডিসির অনুষদ সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।