১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অপরাধীর রাজনৈতিক সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না: ডিএমপি কমিশনার

“আইনশৃঙ্খলার উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করা মূল লক্ষ্য।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2026, 02:10 PM

Updated : 26 Aug 2026, 03:39 PM

ছিনতাই চাঁদাবাজদের বিষয়ে কঠোর অবস্থানের কথা তুলে ধরেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি বলেন, ছিনতাই এবং যে কোনো চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। 

তিনি বলেন, “অপরাধী যেই হোক তার কোন রাজনৈতিক এবং সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না।"

আইনশৃঙ্খলার উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করা মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন পুলিশের এই কর্মকর্তা।

ঢাকায় ছিনতাই, মাদকের বিস্তার, কিশোর গ্যাংয়ের উৎপাত, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা হ্যাকিং'র মত অপরাধের বিরুদ্ধে চলতি মাসের প্রথম দিন থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সিসিটিসির অধীনে ডিজিটাল ফরেনসিক ল্যাব আইসিটি মন্ত্রণালয় অনুমোদন স্বীকৃতি লাভ করার তথ্য দিয়ে তিনি বলেন, "এ কারণে সাইবার সুরক্ষা এবং এ সংক্রান্ত মামলার তদন্তে যুগান্তকারী ভূমিকা রাখবে।"

রাজধানীর যানজট কমিয়ে আনতে ট্রাফিক  ব্যবস্থাপনাকে আধুনিক করতে পরিকল্পনা নেওয়া হয়েছে এবং চালক এবং পথচারীদের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। 

“ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমকে প্রযুক্তি নির্ভর করা হয়েছে, বসানো হয়েছে এ আই ক্যামেরা। একই সাথে কিছু প্রযুক্তি নির্ভর কিছু অ্যাপস চালু করা হয়েছে, এসব কারণে ডিএমপি আরো জনবান্ধব- গতিশীল হবে।"

আসন্ন ঈদকে সমানে রেখে পশুর হাট, শপিং মল এবং আবাসিক এলাকার নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মোসলেহ উদ্দিন আহমদ।

তিনি বলেন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেল স্টেশনেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।