১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এইচএসসি ও সমমানের দ্বিতীয় দিনে বহিষ্কার ১৭, অনুপস্থিত ২৭ হাজার

এদের মধ্যে বাংলা দ্বিতীয় পত্রে অংশ নেওয়া ৭ জনকে বহিষ্কার করা হয়।

এইচএসসি ও সমমানের দ্বিতীয় দিনে বহিষ্কার ১৭, অনুপস্থিত ২৭ হাজার
এইচএসসি পরীক্ষা ঘিরে ঢাকার ধানমন্ডি সিটি কলেজ কেন্দ্র এবং আশপাশে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারির নোটিস সাঁটায় কর্তৃপক্ষ। ছবি: আব্দুল্লাহ আল মমীন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2026, 10:02 PM

Updated : 11 Sep 2026, 03:35 PM

এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে বহিষ্কার হয়েছেন ১৭ জন পরীক্ষার্থী। এদিন অনুপস্থিত ছিলেন ২৭ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী।

এইচএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষা শেষে শনিবার এ তথ্য দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এদিন এইচএসসিতে বাংলা দ্বিতীয় পত্র, আলিমে আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য এবং এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্সে ইংরেজি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সমন্বয় কমিটির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ৭ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

বহিষ্কৃতদের মধ্যে রাজশাহী বোর্ডের ১ জন, কুমিল্লা বোর্ডের ২ জন, বরিশাল বোর্ডের ২ জন, দিনুজপুর বোর্ডের ১ জন ও ময়মনসিংহ বোর্ডের ১ জন পরীক্ষার্থী রয়েছেন।

নয়টি সাধারণ বোর্ডের এইচএসসির দ্বিতীয় প্রথমপত্র পরীক্ষায় ৮ লাখ ৮৬ হাজার ৭৬৪ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। অংশ নেন ৮ লাখ ৪১ হাজার ১২৫ জন। অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৬৩৯ জন।

ঢাকা বোর্ডের ৩০২টি কেন্দ্রে ৪ হাজার ৪৫৬ জন, রাজশাহী বোর্ডের ২০৮টি কেন্দ্রে ২ হাজার ৮৪৬ জন, কুমিল্লা বোর্ডের ১৯৩টি কেন্দ্রে ১ হাজার ৯৫৬ জন, যশোর বোর্ডের ২৪০টি কেন্দ্রে ২ হাজার ৩৬২ জন, চট্টগ্রাম বোর্ডের ১১৪টি কেন্দ্রে ১ হাজার ৬৯০ জন, সিলেট বোর্ডের ৯৬টি কেন্দ্রে ১ হাজার ২৭৬ জন, বরিশাল বোর্ডের ১৪২টি কেন্দ্রে ১ হাজার ৪৬৭ জন, দিনাজপুর বোর্ডের ২১৩টি কেন্দ্রে ২ হাজার ২৫১ জন এবং ময়মনসিংহ বোর্ডের ১১২টি কেন্দ্রে ১ হাজার ৩৩৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

আরবি প্রথমপত্র ও আরবি সাহিত্যে বহিষ্কার ৭

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের আরবি প্রথমপত্র ও আরবি সাহিত্য পরীক্ষায় ৭ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হওয়ার খবর দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আলিমের ৪৬০টি কেন্দ্রে ৮৪ হাজার ২৯৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ৭৯ হাজার ৯১ জন। ৫ হাজার ২০২ জন অনুপস্থিত ছিলেন। 

ভোকেশনাল-বিএমটি-ডিপ্লোমা ইন কমার্সের দ্বিতীয় দিনে বহিষ্কার ৩

এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার দ্বিতীয় দিনে ইংরেজি-২ বিষয়ের পরীক্ষায় ৩ জন পরীক্ষার্থী বহিষ্কার ও ২ হাজার ৪৮৬ জন অনুপস্থিত থাকার তথ্য দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে এদিন ইংরেজি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কমিটি জানিয়েছে, এসব কেন্দ্রে ৮৫ হাজার ৭৪৯ জন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরীক্ষায় বসেছেন ৮৩ হাজার ২৬৩ জন। ২ হাজার ৪৮৬ জন অনুপস্থিত ছিলেন এবং ৩ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন এ পরীক্ষায়।