১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিমানবন্দরের কার্গো পরিবহন ব্যবস্থা ‘সম্পূর্ণ হয়রানিমুক্ত’ করা হবে: মন্ত্রী

“যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2026, 10:50 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো পরিবহন কার্যক্রমকে ‘সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত’ করার কথা বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

রোববার মন্ত্রী বিমানবন্দরের সার্বিক কার্যক্রম পরিদর্শনে যান বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, আফরোজা খানম কার্গো টার্মিনাল সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঠিক নিয়ম অনুসরণ করে দ্রুত ও হয়রানিমুক্তভাবে পণ্য খালাস নিশ্চিত করার নির্দেশনা দেন।

তিনি বলেন, “নতুন গণতান্ত্রিক সরকারের অধীনে কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে এবং যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।”

পরে মন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হ্যাঙ্গার কমপ্লেক্স পরিদর্শন করেন এবং বিজি-২০২ ফ্লাইটের (বোয়িং ৭৮৭-৯) কারিগরি ত্রুটির বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের দ্রুত কেন্দ্রিয় হাইড্রলিক সিস্টেম রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন করে বিমানটিকে পুনরায় উড্ডয়নের উপযোগী করার নির্দেশনা দেন। 

এ সময় আফরোজা খানম বিমানের কেবিন ও ককপিট পরিদর্শন করে বিভিন্ন যন্ত্রপাতি ও প্যানেলের কার্যকারিতা পর্যবেক্ষণ করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

মন্ত্রণালয় বলছে, কেন্দ্রীয় হাইড্রলিক সিস্টেমের আইসোলেটরে কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ডেড ছিল। 

পরে বিমানটিকে সচল করার লক্ষ্যে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

পরিদর্শনের সময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ বেবিচক ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।