Published : 21 Jul 2026, 02:23 PM
আদালতে যাওয়ার আগেই বিরোধ নিষ্পত্তির ‘প্রি-কেস মেডিয়েশন’ বা মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম দেশের মামলাজট নিরসনে আশাব্যঞ্জক ফল দিচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষ থেকে ভার্চুয়ালি ১০টি জেলায় এ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আইনমন্ত্রী বলেন, এ উদ্যোগ আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে মামলাজট নিরসনে বড় ধরনের অগ্রগতি সম্ভব।
দেশে বর্তমানে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন জানিয়ে আসাদুজ্জামান বলেন, এ বাস্তবতায় আদালতে মামলা দায়েরের আগেই বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি করতে পারলে বিচারপ্রার্থীর সময়, অর্থ ও ভোগান্তি কমবে এবং আদালতের ওপর চাপ হ্রাস পাবে।
পাইলট প্রকল্পের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ২০টি জেলায় প্রি-কেস মেডিয়েশন চালুর পর ২০২৫ সালের ফেব্রুয়ারি-মে সময়ের তুলনায় ২০২৬ সালের একই সময়ে মামলা দায়েরের সংখ্যা গড়ে ৬২ দশমিক ০২ শতাংশ কমেছে।
পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে পারিবারিক আদালত আইনে মামলা ৫১ শতাংশ হ্রাস পেয়ে ৩ হাজার ৫৫৯টি থেকে ১ হাজার ৭৪৪টিতে নেমে এসেছে।
এছাড়া সিভিল জজ আদালতের এখতিয়ারভুক্ত বণ্টন সংক্রান্ত মামলা ৬৬ দশমিক ৯৭ শতাংশ, যৌতুক নিরোধ আইনে মামলা ৬৭ দশমিক ৭১ শতাংশ এবং পিতামাতার ভরণ-পোষণ আইনের মামলা ১৮ শতাংশ ৬ শতাংশ কমেছে।
বিচারাধীন মামলার মধ্যে যেগুলো আলোচনার মাধ্যমে নিষ্পত্তিযোগ্য, সেগুলো জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মধ্যস্থতার জন্য পাঠাতে বিচারকদের প্রতি আহ্বান জানান আইনমন্ত্রী।
আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ২১খ-এর বিধান অনুযায়ী নতুন করে ১০টি জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু করা হয়েছে। জেলাগুলো হলো- বগুড়া, ঠাকুরগাঁও, পটুয়াখালী, ভোলা, নাটোর, যশোর, শরীয়তপুর, কক্সবাজার, পঞ্চগড় ও টাঙ্গাইল।
এসব জেলায় ৭টি আইনের ক্ষেত্রে আদালতে মামলা দায়েরের আগে জেলা লিগ্যাল এইড অফিসে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে। কার্যক্রমটি বাস্তবায়নে উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা, জিআইজেড এবং ইউএনডিপির সহযোগিতার প্রশংসা করেন মন্ত্রী।
মধ্যস্থতাকারীদের উদ্দেশে আসাদুজ্জামান বলেন, এ দায়িত্বকে কেবল চাকরি হিসেবে নয়, বরং জনসেবামূলক কাজ ও চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মনজুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা।