Published : 02 Sep 2026, 06:37 PM
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য সরকার তাদের প্রশিক্ষণের পরিকল্পনা গ্রহণ করছে।
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বুধবার বিকাল সাড়ে ৩টায় সংসদের অধিবেশন শুরু হয়।
অধিবেশনের শুরুতে প্রথম আধা ঘন্টায় প্রধানমন্ত্রী তার প্রশ্নোত্তর পর্বে চারটি লিখিত ও ছয়টি সস্পূরক প্রশ্নের সরাসরি উত্তর দেন।
কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানে সরকারের পদক্ষেপে জানতে চেয়ে মনিরুল হকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য দেশে ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কারিগরি এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা সরকার গ্রহণ করছে।”
এর আগের মনিরুল হকের লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের সকল কওমি মাদ্রাসার সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ২০০৬ সালে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ‘কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ’ নামে একটি স্থায়ী প্রতিষ্ঠান গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তিনি বলেন, পরবর্তীতে ‘আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীন কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদিস (তাকমীল)-এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিস ও আরবি)-এর সমমান প্রদান আইন, ২০১৮ প্রণয়ন করে ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এগুলো হচ্ছে, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ, আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ এবং জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ।
সরকারপ্রধান বলেন, গত ২৩ জুন ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ সংশোধনপূর্বক সহকারী মৌলভী (ক্বারী) এবং এবতেদায়ী ক্বারী পদে নিয়োগের কাম্য যোগ্যতায় ছয়টি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সনদকে স্বীকৃতি দিয়েছে। ওই দুটি পদে কওমি মাদরাসায় দাওরায়ে হাদিস (তাকমীল) ডিগ্রিসহ ইলমে কিরাআত/হিফজুল কোরআন সনদ প্রাপ্তদের নিয়োগের সুযোগ সৃষ্টি করা হয়েছে।
লক্ষীপুর-২ আসনের সংসদ আবুল খায়ের ভুঁইয়ার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের যেটা রেগুলার সিলেবাস আছে সেটার মধ্যে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা আছে। তবে অবশ্যই এটাকে আমরা আরও কীভাবে ডেভেলপ করা যায় নিশ্চয়ই আমরা সেটিকে পর্যালোচনা করতে পারি।”
এবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ প্রসঙ্গে
এবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ বিষয়ে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুল আলমের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “আপনি যদি আমাকে একটু আলাদা নোটিস দেন, আমি পুরা বিষয়টা সঠিকভাবে খোঁজখবর করে সংসদের সামনে উপস্থাপন করব।”